চেন্নাই, আগস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ২০১১ সালের বিশ্বকাপকে সামনে রেখে ভারতীয় নির্বাচকরা তরুণদের দলে নিয়েছিলেন। কিন্তু শর্ট বলে তাদের দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে। তাই রাহুল দ্রাবিড়কে দলে নিয়ে ব্যাটিং লাইনআপ শক্তিশালী করে তোলার পরিকল্পনা নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দ্রাবিরকে দলে নেওয়া হলো প্রায় দুই বছর পর।
আগামী মাসে শ্রীলঙ্কায় তিন জাতির টুর্নামেন্ট ও দক্ষিণ আফ্রিকায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন তিনি। তিন জাতির টুর্নামেন্টের অপর দলটি হচ্ছে নিউজিল্যান্ড।
সাবেক ভারতীয় অধিনায়ক শেষবার একদিনের ম্যাচ খেলেছেন ২০০৭ সালের অক্টোবরে।
ভারতীয় নির্বাচকরা আশা করছেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট উইকেটে রাহুল দ্রাবিড়ের মতো ব্যাটসম্যান ভালো খেলবেন। ইংল্যান্ডে টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে শর্ট বলে ভারতীয় তরুণ ব্যাটসম্যানরা মোটেও স্বাচ্ছন্দের সঙ্গে খেলতে পারেননি। বরং হিমশিম খেতে দেখা যায় তাদের।
ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে সরে দাঁড়ালেও শচিন টেন্ডুলকার আবার দলে ফিরেছেন। তবে মারমুখী উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দর শেভাগের কাঁধে অপারেশন হওয়ায় দু'টি টুর্নামেন্টের একটিতেও মাঠে নামতে পারছেন না তিনি।
চোট সেরে যাওয়ায় দলে ফিরেছেন বাঁ-হাতি স্পিনার সুরেশ রাইনা। পি ওঝার জায়গায় দলে স্থান পেয়েছেন লেগ-স্পিনার অমিত মিশ্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৯১৭ ঘ.
bdnews24