আগস্ট ১৫ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---ভারতের একসময়ের কোচ ও নিউজিল্যান্ড দলের নির্বাচক জন রাইট কোলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) কোচ হওয়ার দৌড়ে শামিল হলেন। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আছেন ডানকান ফ্লেচার এবং রিচার্ড পাইবাস।
এই তিন জনই আগামী সপ্তাহে কেকেআর মালিক শাহরুখ খানের মুম্বাইয়ের বাড়িতে যেতে পারেন।
ইন্ডিয়ান ক্রিকেট লীগের (আইপিএল) এই দলের কোচের পদ থেকে কিছুদিন আগেই বরখাস্ত হয়েছেন অস্ট্রেলিয়ান জন বুকানন।
সাবেক কিউই ব্যাটসম্যান রাইট ভারতের পত্রিকা 'হিন্দু'কে বলেন," কেকেআর আমার সঙ্গে যোগাযোগ করেছে। দেখা যাক কি হয়। ভারতে ফিরতে পারলে আমার ভালোই লাগবে।"
রাইট কে কে আর কোচ হিসেবে মনোনীত হলে সৌরভ গাঙ্গুলী বিষয়টি কিভাবে নেবেন তা বলা যাচ্ছে না। যদিও রাইট সবসময় বলে এসেছেন গাঙ্গুলীর প্রতি তার সমর্থন আছে। জাতীয় দলে দুজনের সম্পর্কটা খুব মসৃণ ছিল না বলেই সবাই জানে।
রাইট জানান-" আমরা প্রায়ই ভিন্নমত পোষণ করতাম। কিন্তু শেষ পর্যন্তদেখা যেত আমাদের বিশ্বাসের জায়গাটা ঠিকই আছে। গাঙ্গুলী প্রমাণ করেছে সে একজন প্রকৃত যোদ্ধা। "
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএ/২৩৫৫ঘ.
bdnews24