২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০১১ বিশ্বকাপ নিয়ে বৈঠকে বসবে পাকিস্তান ও আইসিসি

বিশ্বকাপ নিয়ে ঝামেলা বাড়ালে ঠকতেই হবে পাকিস্তানকে। হয়তো সে ভয় থেকেই আইসিসির সঙ্গে সমঝোতা বৈঠকে বসার সিদ্ধান্তে রাজি হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2009, 07:16 PM

Updated : 26 Aug 2022, 11:54 AM

ঢাকা, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ নিয়ে ঝামেলা বাড়ালে ঠকতেই হবে পাকিস্তানকে। হয়তো সে ভয় থেকেই আইসিসির সঙ্গে সমঝোতা বৈঠকে বসার সিদ্ধান্তে রাজি হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২৭ আগস্ট দুবাইতে বৈঠকে বসবেন পিসিবি প্রধান ইজাজ বাট ও আইসিসির সভাপতি ডেভিড মর্গান। শনিবার আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইজাজ বাটের সঙ্গে শুক্রবার টেলিফোনে কথা বলেছেন ডেভিড মর্গান। বিশ্বকাপ নিয়ে একটি সমঝোতায় পৌঁছতে রাজি হয়েছেন তারা। পরিস্থিতি বলছে, ২০১১ সালের বিশ্বকাপ ম্যাচ নিয়ে পিসিবি যতই আইন আদালত করুক না কেন, শেষ পর্যন্ত সোজা হতেই হবে তাদের। না হলে ম্যাচ ফিটাও কেটে নেয়ার সিদ্ধান্তে যেতে পারে আইসিসি। ডেভিড মর্গান বলেন,"দুই পক্ষের অনমনীয় মনোভাব কিছুটা শিথিল হয়েছে। আমার বিশ্বাস শিগগিরই বিশ্বকাপ নিয়ে সৃষ্ট সমস্যার সুরাহা হবে।" গত মাসেও আইসিসির বৈঠকে ভেন্যু জটিলতার সমাধান করতে পারেনি ২০১১ সালের বিশ্বকাপ আয়োজক কমিটি। বরং পাকিস্তান তার দাবি আদায়ে অনড় ছিলো। ২০১১ সালের বিশ্বকাপের অন্যতম আয়োজক পাকিস্তানে একটি সেমিফাইনাল সহ ১৪টি ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তার কারণে ম্যাচগুলো বাকি তিন আয়োজক দেশের মধ্যে ভাগ করে দেয় আইসিসি। খেলা না হলেও পাকিস্তানকে ম্যাচ ফি দেয়া হবে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের এ সিদ্ধান্তের পরও বেঁকে বসে পাকিস্তান। তারা দাবি জানায় মধ্যপ্রাচ্যের দুবাইকে তাদের হোম ভেন্যু করার। এতে অবশ্য রাজি হয়নি বিশ্বকাপ আয়োজক বাকি তিন সহযোগী দেশ। এরপরই আইনি লড়াইয়ের প্রস্তুতি নেয় পাকিস্তান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসকে/২৩৫৫ঘ.