২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চতুর্থ ওয়ানডেতে আর ভুল করতে চায় না বাংলাদেশ

জয়ের আনন্দে বুদ হয়ে থাকার সুযোগ শেষ। এবার ফের জেগে ওঠার পালা। জিম্বাবুয়ে একটি মাত্র ম্যাচ জিতে বদলে দিয়েছে সিরিজের হালচাল। নিরাপদ দূরত্বে থাকতে চাইলে বাংলাদেশের সামনে চতুর্থ ম্যাচ জয়ের বিকল্প নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2009, 06:11 PM

Updated : 26 Aug 2022, 11:54 AM

ঢাকা, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়ের আনন্দে বুদ হয়ে থাকার সুযোগ শেষ। এবার ফের জেগে ওঠার পালা। জিম্বাবুয়ে একটি মাত্র ম্যাচ জিতে বদলে দিয়েছে সিরিজের হালচাল। নিরাপদ দূরত্বে থাকতে চাইলে বাংলাদেশের সামনে চতুর্থ ম্যাচ জয়ের বিকল্প নেই। বুলাওয়ের সেই পরিচিত কুইন্স স্পোর্টস ক্লাব মাঠেই হবে খেলা। এ ম্যাচেও নিখাঁদ ব্যাটিং উইকেট হওয়ার সম্ভাবনা বেশি। বিশেষ করে সিরিজের তৃতীয় ওয়ানডেতে সাফল্যের পর স্বাগতিক দলের ক্রিকেটাররাই কিউরেটরের কাছে সেরকম উইকেটই আশা করবেন। এতে অবশ্য বাংলাদেশ দলের অসুবিধা হওয়ার কথা নয়। কারণ উপমহাদেশের উইকেটের সঙ্গে জিম্বাবুয়ের উইকেটের তেমন কোন তফাত নেই। বরং ব্যাটিংয়ে গুছিয়ে উঠতে পারলে বাংলাদেশের জন্য সুবিধাই বেশি। বাংলাদেশের জন্য এটি শুধু সিরিজ জয়ের লক্ষ্যই নয়। জয়ের পরিসংখ্যানে দুই দলের ছোট ব্যবধানটা কমিয়ে আনারও সুযোগ। এ পর্যন্ত ৪০ ওয়ানডে খেলে বাংলাদেশ জিতেছে ১৯টিতে। বাকি ২১ ম্যাচে সাফল্য পেয়েছে জিম্বাবুয়ে। সিরিজের তৃতীয় ম্যাচ হারায় সমতা আনায় অপেক্ষার পালা বেড়েছে। এখন একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সিরিজের বাকি দুই ম্যাচ জিতলেও জিম্বাবুয়েকে ছাড়িয়ে যেতে পারছে না বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট এবং একদিনের ক্রিকেটে হোয়াইট ওয়াশ করার পর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জেতা অনিবার্য হয়ে উঠেছে বাংলাদেশের জন্য। অন্যথা হলে আবার সমালোচনা ঝড় উঠবে টাইগারদের দিকে। নিজেদের প্রমাণ করার প্রয়োজনেই চতুর্থ ম্যাচ জিতে তারা সিরিজ নিশ্চিত করতে চেষ্টা করবেন। আগের ম্যাচে ভুল থেকে শিক্ষা নিয়ে চতুর্থ ওয়ানডে জয়ের প্রত্যাশা করছে বাংলাদেশ। টাইগার ক্রিকেট ডটকমকে দেয়া সাক্ষাতকারে সহকারী অধিনায়ক মুশফিকুর রহিম বলেছেন,"আমরা পরিকল্পনা মত খেলতে পারিনি। এ ব্যর্থতা আমাদের। প্রত্যেকেই নিজের ভুল ধরতে পেরেছে। জিততে হলে চতুর্থ ম্যাচে খুবই ভাল খেলতে হবে।" ওপেনার জুনায়েদ সিদ্দিকীকে একাদশে ফিরিয়ে এনেছেন নির্বাচকরা। পরাজয়ের স্বাদ নিয়েই একাদশের বাইরে চলে যেতে হলো ব্যাটসম্যান মেহরাব হোসেন জুনিয়রকে। এছাড়া একাদশে আর কোন পরিবর্তন আনা হয়নি। পিচ নিয়ে বুলাওয়ে থেকে মুশফিকুর রহিম টাইগার ক্রিকেট ডটকমকে জানিয়েছেন, "সম্পূর্ণ ফ্ল্যাট উইকেটেই খেলা হবে। এখানে ভুল করার কোনই সুযোগ নেই। জিততে হলে সেরা খেলা খেলতে হবে। বিশেষ করে ফিল্ডিংয়ের সময় একটু মনোযোগ হারালেই ম্যাচ হাতছাড়া হবে।" অন্যদিকে ব্যাটিংয়ে ধারাবাহিক উন্নতি করে তৃতীয় ম্যাচেই সাফল্য পেয়েছে জিম্বাবুয়ে। তাদের সামনে এখন সিরিজে সমতা আনার সম্ভাবনা। সুযোগ কাজে লাগাতে নিশ্চয় আটঘাট বেধে মাঠে নামবে তারা। সফরকারী দল সামান্য ভুল করলে নিজেদের অনুকূলেই টেনে নেবে ম্যাচ। স্বাগতিক সুবিধা তো আছেই। সিরিজ নিশ্চিত করতে স্পিনারদেরও জ্বলে উঠতে হবে। আগের তিন ম্যাচের পারফরমেন্স দেখলে বোঝার বাকি থাকে না, পেস বোলিং দিয়ে জিম্বাবুয়েকে কাবু করা বাংলাদেশের পক্ষে প্রায় অসম্ভব। বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল, জুনায়েদ সিদ্দিকী, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান (অধিনায়ক), রকিবুল হাসান, মুশফিকুর রহিম (উইকেট কিপার/সহকারী অধিনায়ক), মাহমুদ উল্লাহ, নাঈম ইসলাম, মাহাবুবুল আলম, এনামুল হক জুনিয়র, সৈয়দ রাসেল। জিম্বাবুয়ে স্কোয়াড: মার্ক ভার্মুলেন, ভুসিমুসি সিবান্দা, হ্যামিলটন মাসাকাদজা, চার্লস কভেন্ট্রি, ব্র্যান্ডন টেলর, এলটন চিগুম্বুরা, স্টুয়ার্ট মাতসিকানেরি, ম্যালকম ওয়ালার, প্রসপার উতসেয়া (অধিনায়ক), টাওয়ান্ডা মুপারিও, রেমন্ড প্রাইস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসকে/২৩৫৫ঘ.