২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের ধারায় ছেদ পড়লো বাংলাদেশের

সিরিজ নিশ্চিত করতে অপেক্ষায় থাকতে হচ্ছে বাংলাদেশকে। টানা জয়ের ধারায় ছেদ পড়লো তৃতীয় ম্যাচে। শুক্রবার সেই বুলাওয়েতেই ৬৯ রানে হেরে গেছে বাংলাদেশ। আগে ব্যাট করে বাংলাদেশকে ৩২৪ রানের বড় টার্গেট দেয় জিম্বাবুয়ে। জবাবে ৪৪ ওভার দুই বলে অল-আউট হয় সফরকারী দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2009, 08:42 AM

Updated : 26 Aug 2022, 11:54 AM

ঢাকা, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরিজ নিশ্চিত করতে অপেক্ষায় থাকতে হচ্ছে বাংলাদেশকে। টানা জয়ের ধারায় ছেদ পড়লো তৃতীয় ম্যাচে। শুক্রবার সেই বুলাওয়েতেই ৬৯ রানে হেরে গেছে বাংলাদেশ। আগে ব্যাট করে বাংলাদেশকে ৩২৪ রানের বড় টার্গেট দেয় জিম্বাবুয়ে। জবাবে ৪৪ ওভার দুই বলে অল-আউট হয় সফরকারী দল। এ জয়ের মাধ্যমে গ্রামীণফোন ওয়ানডে সিরিজে পরাজয়ের ব্যবধান ২-১ এ কমিয়ে আনলো স্বাগতিকরা। সিরিজ জয়ের সম্ভাবনা এখন উভয় দলের জন্য প্রায় সমান সমান। তবে বাংলাদেশ আর একটি ম্যাচে জয় পেলে ভেঙে যাবে জিম্বাবুয়ের স্বপ্ন। ব্যাটিং উইকেট হবে জানাই ছিল। এমন উইকেটে টস জিতে আগে ব্যাটিং নেওয়া খুবই স্বাভাবিক। কিন্তু ব্যতিক্রম হলো বাংলাদেশের বেলায়। বোধহয় রান তাড়া করে জেতার ইচ্ছে থেকেই টস জিতেও ফিল্ডিং নেন সাকিব। ১৭ রানে দুই উইকেট তুলে নেওয়ার পর মনে হয়েছিল যথার্থই ভালো সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। কিন্তু সে ধারণা ভুল প্রমাণ করেন স্বাগতিক দলের তিন ব্যাটসম্যান মাসাকাদজা, টেলর আর চিগুম্বুরা। দলীয় ৬০ রানে কভেন্ট্রির বিদায়ের পর চতুর্থ জুটিকে কিছুতেই আলাদা করতে পারছিলেন না সফরকারী দলের বোলাররা। পেস কিংবা স্পিন কোন কিছুই তোয়াক্কা করেনি এই জুটি। সৈয়দ রাসেলের বলে সরাসরি বোল্ড হওয়ার আগে মাসাকাদজা অনবদ্য ১০২ রানের ইনিংস খেলে দলীয় স্কোর নিয়ে যান ২০২-এ। টেলরকে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে তোলেন ১৪২ রান। বড় স্কোরের ভিত তৈরিতে এর চেয়ে ভাল অবদান আর কিই বা হতে পারে! মাসাকাদজা দলের স্কোর যেমন সমৃদ্ধ করেছেন, তেমনি ওয়ানডে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির স্বাদও নিয়েছেন। অমৃতের মতই লাগার কথা এই স্বাদ। এক ইনিংসে দূরের কথা, এক ম্যাচে দু'টি সেঞ্চুরি হয়নি সিরিজের প্রথম দুই ম্যাচে। অথচ এক ইনিংসেই দুই সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে গিয়েছিল জিম্বাবুয়ে। ৯৪ রানে অনাকাঙ্খিত রান আউট হন টেলর। নিজের ৭৮তম একদিনের ম্যাচে বঞ্চিত হন সেঞ্চুরি থেকে। তবে আরেক হাফ সেঞ্চুরিয়ান চিগুম্বুরা ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। ৩৩ বলে ৬১ রানের দারুণ এক ইনিংস খেলে দলের সংগ্রহে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। তার কল্যাণেই ব্যাটিং পাওয়ার প্লেতে ৬০ রান পায় জিম্বাবুয়ে। এই তিন ব্যাটসম্যানের সঙ্গে মাতসিকানেরি ২৩ রান যোগ করায় বাংলাদেশের জন্য বিশাল চ্যালেঞ্জ ছুড়ে দিতে সক্ষম হয় স্বাগতিক দল। বাংলাদেশের বিপক্ষে ৭ উইকেটে ৩২৩ রানই তাদের সর্বোচ্চ স্কোর। সদ্য দ্বিতীয় স্থানে চলে যাওয়া আগের স্কোরটি ছিল ৩১০। ওয়ানডে ইতিহাসে জিম্বাবুয়ের পঞ্চম সর্বোচ্চ স্কোরও এটি। এছাড়া কোন টেস্ট দলের বিপক্ষে এর চেয়ে বেশি রান কখনোই করতে পারেনি তারা। জিম্বাবুয়ের ৩২৩ রানের সংগ্রহের পেছনে যতটা না ব্যাটসম্যানের কৃতিত্ব রয়েছে, তার চেয়ে বেশি দুর্বলতা চোখে পড়েছে বাংলাদেশের বোলারদের। দুই পেসার যেমন হাবুডুবু খেয়েছেন, তেমনি স্পিনাররাও ছন্দ হারিয়ে ফেলেন। মাহাবুবুল আলম ২টি উইকেট পেলেও ৯ ওভারে খরচ করেছেন ৮৪ রান। ওভার প্রতি প্রায় সাড়ে নয় রান দিয়েছেন বাংলাদেশি এই পেসার। সৈয়দ রাসেলও বেশ রান খরচ করেছেন। ৯ ওভারে ৫৯ রান দিয়ে একটি মাত্র উইকেট নিয়েছেন। কম রান দিয়েছেন, এমন বোলার একজনও খুঁজে পাওয়া যাবে না। ব্যতিক্রম কেবল এনামুল হক জুনিয়র। তিনি ১০ ওভারে ৪১ রান দেন। তবে কোন উইকেট পাননি। এছাড়া মেহরাব জুনিয়র ১০ ওভারে ৫৬ দিয়েছেন। শীর্ষ অল-রাউন্ডার সাকিবও রানের চাকা নিয়ন্ত্রণ করতে পারেননি। ১০ ওভারে ৬৫ রান দেন। তবে ২টি উইকেট নিয়েছেন তিনি। ৩২৩ রান দূরের কথা, ৩০০ রান তাড়া করে জয়ের রেকর্ড নেই বাংলাদেশের। ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ ২৭৪ রানের টার্গেট তাড়া করে জেতাই এখন পর্যন্ত বাংলাদেশের সেরা। এর আগে কার্ডিফে অস্ট্রেলিয়ার ২৪৯ রানের টার্গেট টপকে যাওয়াই ছিল সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড। বাংলাদেশ যে সিরিজের তৃতীয় ম্যাচটি জিতবে তার কোন লক্ষ্যণই ব্যাটিংয়ে দেখা যায়নি। বরং ক্লান্তির ছাপ ছিল সবার চোখে-মুখে। দেখে মনে হয়েছে মাঠ ছাড়তে পারলেই হাফ ছেড়ে বাঁচেন তারা। যাদের ওপর ভরসা ছিল সেই মামিম ইকবাল, আশরাফুল, সাকিব কেউই বড় স্কোর করতে পারেননি। ব্যাটসম্যান হিসেবে কেবল রকিবুল হাসানই ৭৮ রান করেছেন। যার কাছে আশা করা হয়নি সেই পেসার মাহাবুবুল আলম রবীন মান বাঁচান ৫৯ রান যোগ করে। এটি তার ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি। জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুতে বেশ মিল পাওয়া যায়। রবীনের বল বুঝে ওঠার আগেই ১৭ রানে বিদায় নেয় জিম্বাবুয়ের উদ্বোধনী জুটি। তেমনি ব্যাটিংয়ে নেমে মুপারিওর বল বোঝার সুযোগই পেলেন না তামিম ইকবাল। অফ স্ট্যাম্পে পড়ে বাঁক নেয়ার মুখে জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে থার্ড স্লিপে ধরা পরেন আগের দুই ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান। উজ্জীবিত হয়ে ওঠে জিম্বাবুয়ে। দ্বিতীয় ওভারেই দলীয় আট রানে চিগুম্বুরার বলে সরাসরি বোল্ড হন নাঈম ইসলাম। লেজ থেকে তাকে ওপরে তুলে এনে কোন সুবিধা আদায় করতে পারলো না বাংলাদেশ। বরং ব্যাটিং অর্ডারে পরিবর্তনের সিদ্ধান্ত এক রকম ভুলই প্রমাণিত হলো। দুই ব্যাটসম্যানের বিদায়ের পর অভিজ্ঞ আশরাফুল উইকেটে সেট হয়ে লড়াই করবেন, এমনটিই হওয়ার কথা ছিল। কিন্তু তিনি বিপর্যয়ের মুহূর্তে ঝুঁকিপূর্ণ শট খেলে থার্ডম্যান অঞ্চলে মাসাকাদজার হাতে সহজ ক্যাচ দেন মুপারিওর বলে। অথচ প্রথম ১৫ ওভারে ওপর দিয়ে শট খেলা এক রকম নিসিদ্ধ করেছিলেন কোচ জেমি সিডন্স। ১৬ রানে তিন ব্যাটসম্যানের বিদায়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তারওপর অধিনায়ক সাকিব আল হাসানও বড় ইনিংস খেলতে পারলেন না। আগের ম্যাচের মতো ঝড়ো ইনিংস খেলতে গিয়ে আউট হন ব্যক্তিগত ১৭ রানে। অবশ্য পঞ্চম জুটিতে মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে বিপর্যয় কাটিয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছিলেন রকিবুল। তাতেও বাধ সাধে প্রতিপক্ষ। দলকে ১০৭ রানে রেখে প্রাইসের বলে ক্যাচ দেন উইকেট কিপার ব্যাটসমান মুশফিকুর রহিম। দুই চার ও এক ছক্কা মিলিয়ে ৩৩ রান এসেছে তার ব্যাট থেকে। তাদের ৬৮ রানই ইনিংসের সর্বোচ্চ জুটি। এরপর মাসাকাদজার বলে বোল্ড হয়ে রকিবুল বিদায় নিলে বড় ব্যবধানে পরাজয়ের শঙ্কা জেগে ওঠে। কিন্তু মেহরাব হোসেন জুনিয়র ২৫ আর মাহাবুবুল আলম মান বাঁচান। ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি করেন তিনি। প্রতিষ্ঠিত ব্যাটসম্যানদের মধ্যে কেউ একজন বড় স্কোর করলে কিংবা শেষ দিকে রবীন যোগ্য সঙ্গী পেলে ম্যাচের ফলাফল হয়তো অন্যরকম হতে পারতো। ফলাফল যাই হোক ইনজুরি আর ক্লান্তি শেষপর্যন্ত বাংলাদেশকে কোন দিকে এগিয়ে নিচ্ছে বলা মুশকিল। তবে টানা ম্যাচ খেলার ক্লান্তির ছাপ স্পষ্ট হয়ে উঠেছে বাংলাদেশ শিবিরে। অথচ জিম্বাবুয়ের বিপক্ষে বিশ্রামেরও সুযোগ নেই টাইগারদের সামনে। ব্যাটিং আর বোলিংয়ে দলে পক্ষে গুরুত্বপূর্ণ অবদান রেখে ম্যাচ সেরা হয়েছেন চিগুম্বুরা। ব্যাট হাতে অপরাজিত ৬১ রান তোলার পর নিয়েছেন দুই উইকেট। সংক্ষিপ্ত স্কোর: জিম্বাবুয়ে: ৩২৩/৭ (মাসাকাদজা ১০২, টেলর ৯৪, চিগুম্বুরা ৬১*, মাহাবুবুল আলম ৮৪/২, সাকিব আল হাসান ৬৫/২) বাংলাদেশ: ২৫৪/১০ (রকিবুল হাসান ৭৮, মাহাবুবুল আলম ৫৯, মুশফিকুর রহিম ৩৩, মুপারিও ৩২/৩, প্রাইস ৩৪/৩, চিগুম্বুরা ৪৬/২) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২২৩৭ ঘ.