ঢাকা, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্বপ্ন সত্যি হতে যাচ্ছে ডার্ক নানেসের। অস্ট্রেলিয়ার পক্ষে টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচে খেলার সুযোগ পাচ্ছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টোয়েন্টি-টোয়েন্টি সিরিজের জন্য অস্ট্রেলীয় দলে নেয়া হয়েছে তাকে।
অথচ তিন মাস আগে টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে দেশ ছেড়েছিলেন নানেস। বিশ্বকাপে খেলার জন্য পাড়ি জমিয়েছিলেন হল্যান্ডে। হল্যান্ডের হয়ে টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসরে খেলেছেনও ৩৩ বছর বয়সী এই পেসার। ইংল্যান্ডের বিপক্ষে জয়েরও স্বাদ পেয়েছেন।
সেই ইংলিশদের বিপক্ষেই হয়তো এবার মাঠে নামবেন জন্মভূমি অস্ট্রেলিয়ার পক্ষে। ভেন্যু এবারও ইংল্যান্ড।
"অস্ট্রেলিয়ার হয়ে খেলবো এটা আমার কাছে অনেক কিছু। ভাল খেলতে পারলে হয়তো ২০১০ সালের টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে পারবো," অস্ট্রেলীয় দলে সুযোগ পাওয়ার পর ডার্ক নানেস এভাবেই তার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন।
অস্ট্রেলিয়ার হয়ে মাঠে নামার সুযোগ পেলে নানেসই হবেন দু'টি দেশের হয়ে টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেটে খেলা প্রথম ক্রিকেটার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএ/টিআর/২২৩২ ঘ.
bdnews24