সিডনি, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বহুদিন একনাগাড়ে ক্রিকেট খেললে যে কেউ ক্লান্ত বোধ করতেই পারেন। তাই অ্যাশেজ সিরিজ শেষে অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিংকে দেশে আসার অনুমতি দেওয়া হয়েছে বিশ্রামের জন্য। ফলে ইংল্যান্ডের বিপক্ষে দু'টি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচে তিনি খেলছেন না। তার জায়গায় অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে মাইকেল ক্লার্কের নাম।
তবে পন্টিং আবার ইংল্যান্ডে যাবেন। একটি বাদে বাকি একদিনের ম্যাচে তিনি আবার হাল ধরবেন দলের।
অস্ট্রেলিয়ার নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান অ্যান্ড্রু হিলডিচ মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, অতিরিক্ত খেলার ক্লান্তি দূর করার জন্য অ্যাশেজ সিরিজ শেষে পন্টিংকে দেশে আসার অনুমতি দেওয়া হয়েছে। তাই তিনি স্কটল্যান্ডের বিপক্ষে একটি একদিনের ম্যাচ, ইংল্যান্ডের বিপক্ষে দু'টি টোয়েন্টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে পারবেন না।
তিনি বলেন, এর ফলে ক্লার্ক অস্ট্রেলিয়ার টোয়েন্টি-টোয়েন্টি ও ওয়ানডে দলের নেতৃত্ব দেওয়ার আরেকটি সুযোগ পাবেন।
মাইকেল ক্লার্ক বর্তমানে অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক। অ্যাশেজ সিরিজের চার ম্যাচে দু'টি শতক হাঁকিয়েছেন। গড় ৮৯।
অস্ট্রেলিয়া টোয়েন্টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য আলাদা দল ঘোষণা করেছে। উদ্বোধনী ব্যাটসম্যান ফিলিপ হিউজ ও পেসার স্টুয়ার্ট ক্লার্ককে দল থেকে বাদ দেওয়া হয়েছে। তবে মাইক হাসি, পেসার পিটার সিডল ও নাথান ব্র্যাকেনকে শুধু ওয়ানডে দলে রাখা হয়েছে, টোয়েন্টি-টোয়েন্টি দলে নয়।
ওয়ানডে দল: রিকি পন্টিং (অধিনায়ক), মাইকেল ক্লার্ক, নাথান ব্র্যাকেন, ক্যালাম ফাগ্র্ুসন, ব্র্যাড হ্যাডিন, নাথান হরিৎজ, বেন হিলফেনহস, জেমস হোপস, মাইক হাসি, মিচেল জনসন, ব্রেট লি, পিটার সিডল, শ্যেন ওয়াটসন, ক্যামেরুন হোয়াইট, টিম পেইন (ফিটনেস পরীক্ষা বাকি)।
টোয়েন্টি-টোয়েন্টি দল: মাইকেল ক্লার্ক (অধিনায়ক), ক্যালাম ফাগ্র্ুসন, ব্র্যাড হ্যাডিন, নাথান হরিৎজ, বেন হিলফেনহস, ডেভিড হাসি, মিচেল জনসন, ব্রেট লি, শ্যেন ওয়াটসন, ক্যামেরুন হোয়াইট, ডার্ক নানেস, অ্যাডাম ভোগস, ডেভিড ওয়ার্নার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২১৫২ ঘ.
bdnews24