ঢাকা, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লর্ডসের প্রতিশোধ হেডিংলিতে নিলো অস্ট্রেলিয়া। প্রতিদ্বন্দ্বিতার কোন বালাই নেই, ইংল্যান্ডকে স্রেফ উড়িয়ে দিয়ে এক ইনিংস ও ৮০ রানে জয় তুলে নিয়েছে অসিরা।
ফলে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ১-১ ম্যাচে সমতায় ফিরলো। বাকি রয়েছে একটি ম্যাচ।
হেডিংলিতে সফরকারীরা তৃতীয়দিনের প্রথম সেশনে তিন উইকেট হারায়। মধ্যাহ্ন বিরতির পর ২০ মিনিটের মধ্যে ঝরে পরে বাকি দু'টি উইকেট। মিচেল জনসনের বলে গ্রাহাম অনিয়ন্স আউট হলে ২৬৩ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস।
গ্রায়েম সোয়ান সকালের সেশনে স্টুয়ার্ট ব্রডের সঙ্গে শত রানের জুটি গড়ে তুললে রেকর্ড ব্যবধানে হারের লজ্জা থেকে রেহাই পায় ইংল্যান্ড। ব্রড টেস্ট ইনিংস না খেলে টোয়েন্টি-টোয়েন্টি আদলে ব্যাট করেন। মাত্র ৪৯ বলে ৬১ রান করে সিডলের বলে ডিপ-স্কোয়ারলেগে ওয়াটসনের হাতে ধরা পড়েন তিনি। চার মেরেছেন ১০টি।
ব্যক্তিগত ১৮ রানের মাথায় একবার জীবন পান ব্রড। মিড-অফে অত্যন্ত কঠিন এই ক্যাচটি ধরতে পারেননি পিটার সিডল। এরপর স্টুয়ার্ট ক্লার্কের এক ওভারেই চারটি ৪ মারেন তিনি।
মাত্র ৪২ বলে হাফ সেঞ্চুরি করেন ব্রড।
৫৩ রানে ব্রড আরেকবার জীবন পান। কিন্তু ভাগ্য আর তাকে সহায়তা করেনি।
গ্রায়েম সোয়ানও কম যাননি। ব্রড আউট হয়ে গেলেও সোয়ান শট খেলে যেতে থাকেন। তিনি তার হাফ সেঞ্চুরি পূর্ণ করেন সিডলকে হুক করে ছক্কা মেরে। ক্লার্ক ও সিডলের তিন ওভারে ৪৯ রান তোলেন ব্রড ও সোয়ান।
মধ্যাহ্ন বিরতির পর ৭২ বলে ৬২ রান করে জনসনের বলে সোয়ান উইকেট কিপার হ্যাডিনের হাতে ধরা পড়েন।
মধ্যাহ্ন বিরতির সময় ইংল্যান্ডের রান ছিল আট উইকেটে ২৪৫।
এর আগে ইংল্যান্ড তৃতীয় দিনের খেলা শুরু করে ৫ উইকেটে ৮২ রান নিয়ে। দিনের দ্বিতীয় বলে নাইটওয়াচম্যান জেমস অ্যান্ডারসন চার মারেন। কিন্তু বেন হিলফেনহসের পরের বলেই সেকেন্ড স্লিপে পন্টিং-এর হাতে ধরা পরে বিদায় নেন।
ম্যাট প্রায়রও চোখ ঝলসানো স্কোয়ার ড্রাইভ করে দু'টি চার মারেন। কিন্তু ব্যক্তিগত ২২ রানে হিলফেনহসের আউট সুইং তার ব্যাট ছঁয়ে বেরিয়ে যাচ্ছিল। কিন্তু ঝাঁপিয়ে পড়ে দর্শনীয় ক্যাচ নেন উইকেট কিপার ব্রাড হ্যাডিন।
মধ্যাহ্ন বিরতি শেষে সোয়ানের আউটের পর জনসন শূন্য রানে বোল্ড করেন অনিয়ন্সকে।
অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৫ উইকেট নেন জনসন। চার উইকেট নেন হিলফেনহস।
ম্যাচ শেষে অসি অধিনায়ক রিকি পন্টিং বলেন, "ক্রিকেটাররা ঘুরে দাঁড়ানোয় আমি অত্যন্ত খুশি।" বোলারদের খুবই প্রশংসা করেন তিনি। বলেন, "প্রথমদিন তারা চমৎকার বোলিং করেছেন। এছাড়া প্রথম বল থেকেই ম্যাচে আমরা প্রাধান্য বিস্তার করেছিলাম।"
ইংলিশ অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস বলেন, "ভয় পাওয়ার কিছুই নেই। আমাদের এখন শান্ত থাকা দরকার। পরিকল্পনা করা দরকার ওভাল টেস্টের জন্য।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮৩১ ঘ.
bdnews24