সিডনি, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - অ্যাসেজ সিরিজের চতুর্থ টেস্টে মাঠে নাও নামতে পারেন অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক মাইকেল ক্লার্ক। পেটের পেশীতে টান ধরায় তাকে বিশ্রাম নিতে বলেছেন চিকিৎসক।
কিন্তু ক্লার্ককে মাঠে নামানোর জন্য চেষ্টার কসুর করছে না অস্ট্রেলিয়া। অনেকটা আত্মবিশ্বাসীও দলীয় কর্মকর্তারা। যদিও বুধবারের অনুশীলনে তাকে দেখা যায়নি।
দলের ফিজিও অ্যালেক্স কাউনস্টোরিস এক বিবৃতিতে বলেন, সোমবারের খেলা শেষে (অ্যাজবাস্টন টেস্ট) ক্লার্কের তলপেটে ব্যথা ধরা পড়ে। চতুর্থ টেস্টে মাঠে নামাতে চাইলে তার চিকিৎসা চালিয়ে যেতে হবে।
অ্যাশেজ সিরিজে মাইকেল ক্লার্কই অসি ব্যাটিং-এর মূল স্তম্ভ হয়ে উঠেছেন। তিন টেস্টে দু'টি সেঞ্চুরিসহ ৩৫২ রান করেছেন। গড় ৮৮।
পাঁচ ম্যাচে সিরিজে ১-০ তে এগিয়ে আছে ইংল্যান্ড। এ অবস্থায় ক্লার্কের বিকল্প নেই অসিদের সামনে।
শুক্রবার হেডিংলিতে শুরু হতে যাচ্ছে পাঁচদিনের এই ম্যাচ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/টিআর/১৭২৪ ঘ.
bdnews24