ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিম্বাবুইয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকা ছাড়লেন স্পিনার এনামুল হক জুনিয়র। মঙ্গলবার রাতে দুবাইয়ের উদ্দেশে রওয়ানা দিয়েছেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দুবাই বিমান বন্দরে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন বাঁ-হাতি এই স্পিনার।
ওয়েস্ট ইন্ডিজ থেকে রাতে দুবাই যাওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। সেখান থেকে জোহানেসবার্গ হয়ে জিম্বাবুইয়ে পৌঁছাবেন ক্রিকেটাররা। তবে দুবাই থেকে দেশে ফিরে আসবেন পায়ের পেশীতে চোট পাওয়া আরেক বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাক। তার জায়গাতেই খেলার সুযোগ পেয়েছেন এনামুল হক জুনিয়র।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দল থেকে বাদ পড়লেও টেস্ট দলে ছিলেন এনামুল। প্রথম টেস্ট খেলার সুযোগ না পেলেও দ্বিতীয় টেস্টে খেলেছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/০০৩২ ঘ.
bdnews24