২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে জয় পেলো ওয়েস্ট ইন্ডিজ

সফরের শেষটা এমন ম্যারম্যারে হবে নিশ্চয় ভাবেননি বাংলাদেশের ক্রিকেটাররা। যে দল টেস্ট আর ওয়ানডে ক্রিকেটে পাত্তাই পায়নি তাদের কাছেই টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচে পরাজয়, একটু বেমানানই মনে হতে পারে। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরে সেটাই হয়েছে। একমাত্র টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিকদের কাছে ৫ উইকেটে হেরে গেছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2009, 08:00 PM

Updated : 26 Aug 2022, 11:50 AM

ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সফরের শেষটা এমন ম্যারম্যারে হবে নিশ্চয় ভাবেননি বাংলাদেশের ক্রিকেটাররা। যে দল টেস্ট আর ওয়ানডে ক্রিকেটে পাত্তাই পায়নি তাদের কাছেই টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচে পরাজয়, একটু বেমানানই মনে হতে পারে। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরে সেটাই হয়েছে। একমাত্র টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিকদের কাছে ৫ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। ক্যারিবীয়দের দিক থেকে দেখলে শেষ মুহূর্তে অন্তত হতাশার খোলশ ছেড়ে বেড়িয়ে আসতে পেরেছে। কারণ তারা যে এক সময়ের দুর্দান্ত ক্রিকেট খেলুড়ে জাতি। বলতে গেলে এক সময়ে তাদের কাছে পরাজয় শব্দটাই ছিল অবাস্তব। সেই জাতিকেই টেস্ট আর ওয়ানডে ক্রিকেটে ধবল ধোলাই করে দিয়েছে বাংলাদেশ। সেখানে টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচের এই জয়টি না পেলে সবই যে খোয়া যেতো। সহজেই টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচটি জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের ১১৯ রানের টার্গেটে পৌঁছতে পাঁচ উইকেট হারালেও বাকি ছিল ১৯ বল। তবে কি ২০ ওভারের ম্যাচে হেরে ঋণ মুক্ত হলো বাংলাদেশ! টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে জোহানেসবার্গের ওয়ান্ডারার্স পার্কে ক্রিস গেইলদের হারিয়ে দ্বিতীয় রাউন্ডে খেলার টিকিট পেয়েছিল বাংলাদেশ। আর ওয়েস্ট ইন্ডিজের ভাগ্যে জুটেছিল দেশের ফেরার ফিরতি বিমানের টিকিট। হয়তো সেই ঋণই শোধ হলো সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে। হেরেই সফর শেষ করলো বাংলাদেশ। ক্রিকেটের এই সংক্ষিপ্ত রূপ কিছুদিন থেকে একটু হুল ফোটাচ্ছে সাকিবদের গায়ে। গত বিশ্বকাপে আয়ারল্যান্ডের কাছে হেরে কত সমালোচনাই না সইতে হয়েছে। এবার অবশ্য তেমন হওয়ার কথা নয়। রোববার সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস জিতে ব্যাটিং-এ নেমে একের পর এক উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। উইকেট পতনের গতি দেখে বোঝার উপায় ছিলো না যে শেষ পর্যন্ত ২০ ওভারে ১১৮ রান তুলতে পারবে টাইগাররা। উইন্ডিজ পেসারদের সামাল দিতে না পারায় ১২ রানে আলাদা হয় উদ্বোধনী জুটি। পাঁচ রানে সামির বলে ক্যাচ দেন জুনায়েদ। এরপর আশরাফুল এসেই শূন্য রানে ফিরে যান। সামির দ্বিতীয় শিকার তিনি। যারা নিয়মিত বাংলাদেশের ক্রিকেটের খোঁজ খবর রাখেন আশরাফুলের এভাবে আউট হওয়া তাদের কাছে অপরিচিত নয়। ক্রিকেট বোদ্ধাদের বলতে শোনা যায় উইকেটে সেট হতে প্রথম বলটি মোকাবেলা করতে হয় খুবই ঠান্ডা মাথায়। অর্থাৎ বড় শট না খেলে একটু ধৈর্য্য ধরার পরামর্শ দেন। আশরাফুল সেই বোদ্ধাদের কথা মানলে হয়তো শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়তে হতো না বাংলাদেশকে। সেই সঙ্গে তামিমও সাহস পেতেন বড় ইনিংস খেলতে। কিন্তু আশরাফুলের একটি ভুল শটই বিপদ ডেকে আনে বাংলাদেশের জন্য। ১২ রানে তিনটি উইকেট হারায় টাইগাররা। টঙ্গের শিকারে পরিণত হন ব্যাটসম্যান তামিম ইকবাল দলীয় সেই ১২ রানেই। কেবল সাকিব আর নাঈম রান কিছুটা এগিয়ে নেন। ২৬ বলে ২৭ রান করেন নাঈম। সাকিব আউট হন ১৭ রানে। তাদের বিদায়ের পরই রাকিবুল এলবিডব্লিউ আর মুশফিক ও মেহরাব রান আউট হন। শেষ দিকে মাহমুদুল্লাহ রিয়াদ ২১ রান করায় অন্তত লড়াইয়ের মত পুঁজি পায় বাংলাদেশ। নবম ব্যাটসম্যান হিসেবে রান আউট হন মাহমুদুল্লাহ। স্কোর বোর্ডে বাংলাদেশের উইকেট পতনের দিকে তাকালে চোখ ছানাবড়া হয়ে যেতে পারে। নয় উইকেটের মধ্যে প্রতিষ্ঠিত চার ব্যাটসম্যানই রান আউট হয়েছেন। স্কোর ১২০ হলেই ম্যাচ জেতা সম্ভব ইনিংস চলার সময়ই টিভি সাক্ষাতকারে বলেছিলেন আশরাফুল। তার কাছে ভরসার জায়গা মনে হয়েছিল স্পিনে সাফল্য আসবে। এই অস্ত্র দিয়েই তো টেস্ট আর ওয়ানডে ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। অধিনায়ক সাকিব আল হাসান স্পিন দিয়েই বোলিং শুরু করলেন। উদ্বোধনী বলেই বোল্ড হলেন রিচার্ডস। কিন্তু পরের ঘটনা একেবারেই অন্যরকম। স্পিন জুজুর ভয় কাটিয়ে নাঈমের বল সীমানার বাইরে পাঠাতে থাকলেন স্মিথ। দ্বিতীয় ওভারে ১২ রান তুলে পুষিয়ে দিলেন প্রথম ওভারের ব্যর্থতা। এই জুটি আলাদা হওয়ার আগে দলকে দিয়ে যান মূল্যবান ৪৬ রান। ফ্লেচারকে ৮ রানে ফেরালেন পেসার নাজমুল। তৃতীয় জুটিতে আরো ২১ রান যোগ করার পর আউট হন স্মিথ। ৩৭ রানে তিনি ক্যাচ দেন আরেক পেসার রুবেল হোসেনের বলে। দুই পেসার উইকেট নিলেও রান দেন অনেক বেশি। বোলাররা নিয়ন্ত্রণ হারালে ক্রমেই ম্যাচ হাত ছাড়া হতে থাকে। সাকিবের চার ওভারের কোটা শেষ হয়ে গেলে আশরাফুলের অফব্রেক কাজে লাগে। তিনি দুই ওভারে ১৮ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন। সাকিব সবচেয়ে কম চার ওভারে ১৩ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন। বাকিরা তার সঙ্গে তাল মেলাতে না পারায় অধিনায়ক রেইফার ২২ আর ডাওলিন অপরাজিত ৩৭ রান তুলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ২০ ওভারের ক্রিকেটে এ নিয়ে ১৩ ম্যাচ খেলে ১০টিতেই হেরেছে বাংলাদেশ। জয় বলতে প্রথম চার ম্যাচের তিনটিতে। জিম্বাবুয়ে, কেনিয়া ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/০৫৫৮ ঘ.