২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুব ক্রিকেট দলকে সংবর্ধনা

জাতীয় যুব ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ইংল্যান্ড সফরে ওয়ানডে সিরিজ জেতায় যুবাদের উৎসাহ দিতে এই সংবর্ধনার আয়োজন করেন এনএসসি চেয়ারম্যান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2009, 02:59 PM

Updated : 26 Aug 2022, 11:49 AM

ঢাকা, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় যুব ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ইংল্যান্ড সফরে ওয়ানডে সিরিজ জেতায় যুবাদের উৎসাহ দিতে এই সংবর্ধনার আয়োজন করেন এনএসসি চেয়ারম্যান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের সভা কক্ষে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয় ক্রিকেটারদের। সাফল্যের স্বীকৃতি হিসেবে এক লাখ টাকা বোনাস দেওয়ার কথাও ঘোষণা করেন মন্ত্রী। এনএসসির তহবিল থেকে এই বোনাস দেওয়া হবে। অনুষ্ঠানে আহাদ আলী সরকার বলেন,"এক সময় যে ইংল্যান্ড বিশ্ব শাসন করতো, তাদেরই হারিয়েছে আমাদের ক্রিকেটাররা। নিঃসন্দেহে এই সাফল্য গর্ব করার মত।" ভবিষ্যতে এই ধারাবাকিতা ধরে রাখতে যুব ক্রিকেটারদের প্রতি আহবান জানান তিনি। যুব দলের ক্রিকেটারদের খেলা দেখারও আগ্রহও প্রকাশ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। ইংল্যান্ড সফরে দু'টি চার দিনের ম্যাচ ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ যুব দল। চার দিনের সিরিজের প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয়টি ড্র হয়। এরপর ওয়ানডে সিরিজ ২-১ ব্যাবধানে জিতে শুক্রবার রাতে দেশে ফেরে যুবারা। সিরিজের প্রথম ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। পরের দু'টি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে শেষ দুই ম্যাচ জিতে নেয় বাংলাদেশ যুব দল। সিরিজ সেরার পুরস্কার তুলে নেন এনামুল হক জিয়া। চার দিনের ম্যাচে একটি হাফ সেঞ্চুরিসহ চার ইনিংসে ১৫১ রান করেন তিনি। ওয়ানডে সিরিজে তিন ইনিংস খেলে দু'টি হাফ সেঞ্চুরিসহ ১৬৮ রান করেন এই ব্যাটসম্যান। তারই স্বীকৃতি হিসেবে ইংল্যান্ডের কোচ এন্ড্রু পিক জিয়াকে সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত করেন। ইংল্যান্ড সফরের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে অধিনায়ক মাহমুদুল হাসান লিমন বলেন, "ইংল্যান্ডের ক্রিকেটারদের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটারদের মূল পার্থক্য মানসিকতায়। তারা পরিস্থিতি মোকাবেলা করে স্বাভাবিকভাবে। আর বাংলাদেশের ক্রিকেটাররা শুরুতেই ঘাবড়ে যায়।" অধিনায়কের মতে, বড় দৈর্ঘ্যরে ক্রিকেটে ইংল্যান্ডের ভাল খেলার অন্যতম কারণ ছেলে বেলা থেকেই তারা ব্যাকরণ মেনে খেলে। বিশেষ করে বেশি বেশি ড্রাইভ খেলার চেষ্টা করে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২১১২ ঘ.