২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার ২৬৩ রানের জবাবে ইংল্যান্ড ১১৬/২

অস্ট্রেলিয়া ৬০ রানের মধ্যে দু'টি ইংলিশ উইকেট তুলে নিলেও জেমস অ্যান্ডারসন ও গ্রাহাম ওনিয়ন্সের সাফল্য ম্লান করে দিতে পারেননি। এই দুই বোলার তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন ৯ উইকেট নেওয়ায় অস্ট্রেলিয়ার ইনিংস সুবিধাজনক অবস্থান থেকে গুটিয়ে যায় ২৬৩ রানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2009, 02:13 PM

Updated : 26 Aug 2022, 11:49 AM

বার্মিংহাম, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - অস্ট্রেলিয়া ৬০ রানের মধ্যে দু'টি ইংলিশ উইকেট তুলে নিলেও জেমস অ্যান্ডারসন ও গ্রাহাম ওনিয়ন্সের সাফল্য ম্লান করে দিতে পারেননি। এই দুই বোলার তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন ৯ উইকেট নেওয়ায় অস্ট্রেলিয়ার ইনিংস সুবিধাজনক অবস্থান থেকে গুটিয়ে যায় ২৬৩ রানে। অ্যান্ডারসন পাঁচ উইকেট ও গ্রাহাম ওনিয়ন্স চার উইকেট নিয়ে ধসিয়ে দেন অস্ট্রেলিয়াকে। দিন শেষে ইংল্যান্ডের রান দাঁড়িয়েছে ২ উইকেটে ১১৬। ইংলিশ ইনিংসের শুরুতে দলীয় মাত্র ২ রানের মাথায় অ্যালিয়েস্টার কুক সিডলের বলে ক্যাচ দেন। রানের খাতাই খুলতে পারেননি তিনি। রবি বোপারা বোল্ড হন দলীয় ৬০ রানের মাথায় হিলফেনহসের বলে। তখন বোপারার রান ছিল ৬০। এরপর ইংলিশ ইনিংসে আর কোন বিপর্যয় ঘটেনি। এন্ড্রু স্ট্রাউস ৬৪ ও ইয়ান বেল ২৬ রানে অপরাজিত রয়েছেন। এর আগে সকালের সেশনে সাত উইকেট হারিয়ে নাজুক অবস্থায় পড়ে অস্ট্রেলিয়া। শেষ উইকেট জুটিতে হরিৎজ ও হিলফেনহস ৩৪ রান যোগ করায় দলের রান আড়াই শ'র কোঠা পেরিয়ে যায়। জেমস অ্যান্ডারসন গ্রাহাম ওনিয়ন্সের মারাত্মক পেস আক্রমণের মুখে দাঁড়াতেই পারেননি অসি ব্যাটসম্যানরা। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত রান তোলে ২০৩। উইকেট হারিয়ে ৮টি। অ্যাজবাস্টন শুক্রবার ১ উইকেটে ১২৬ রান নিয়ে মাঠে নামেন অস্ট্রেলিয়ার দুই অপরাজিত ব্যাটসম্যান ওয়াটসন ও অধিনায়ক রিকি পন্টিং। কিন্তু ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন পাঁচ ও ওনিয়ন্স চার উইকেট তুলে নিলে ব্যাকফুটে চলে যায় অস্ট্রেলিয়া। অ্যান্ডারসন ২৪ ওভার বল করে ৮০ রান দেন। ওনিয়ন্স রান দেন ৫৮। বল করেন ১৬ ওভার। আগের দিন আউট হন সাইমন ক্যাটিচ। গ্রায়েম শনের বলে এলবিডব্লিউ-এর ফাঁদে পড়ে বিদায় নেন। এর আগে ফিলিপ হিউজের বদলে দলে ঢোকা ওয়াটসন ও ক্যাটিচ দলকে একটি শক্ত ভিত্তির ওপর দাঁড় করান। উদ্বোধনী জুটিতে রান তোলেন তারা ৮৫। তবে দ্বিতীয় দিনের শুরুতেই সফরকারী ব্যাটসম্যানদের একেবারে নাকাল করে ছাড়েন ইংলিশ পেসার ওনিয়ন্স ও অ্যান্ডারসন। দিনের প্রথম ওভারের প্রথম বলেই ওনিয়ন্স আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান ওয়াটসনকে বিদায় করেন এলবিডব্লিউ-এর ফাঁদে ফেলে। তখন ওয়াটসনের রান ছিল ৬২। পরের বলেই তিনি মাইক হাসিকে বোল্ড করেন। সৃষ্টি হয় হ্যাট্রিকের একটি সুযোগের। তবে তা কাজে লাগাতে পারেননি ওনিয়ন্স। অসি ইনিংসের ৩৯তম ওভারে আবারো আঘাত হানেন ওনিয়ন্স। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন পন্টিং। এরপর মঞ্চে আসেন জেমস অ্যান্ডারসন। আরও পাঁচটি উইকেট তুলে নিয়ে অসিদের একেবারে কোণঠাসা করে ফেলেন তিনি। তার জন্যও হ্যাট্রিকের সুযোগ সৃষ্টি হয়েছিল। তবে ওনিয়ন্সের মতো তিনিও তা কাজে লাগাতে পারেননি। মাইকেল ক্লার্ক (২৯), নর্থ (১২), সিডল (১৩) ও হিলফেনহস (২০) ও হরিৎজ (২০*) ছাড়া আর কেউ দুই অংকের ঘরে পৌঁছাতে পরেননি। সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া: ২৬৩ (প্রথম ইনিংস - ওয়াটসন ৬২, ক্যাটিচ ৪৬, পন্টিং ৩৮; ওনিয়ন্স ৫৮/৪, অ্যান্ডারসন্স ৮০/৫) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/০১০০ ঘ.