ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে অনুষ্ঠেয় টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তান দলের অধিনায়ক হিসাবে শহীদ আফ্রিদির নাম ঘোষণা করা হয়েছে।
গত মাসে ইংল্যান্ডে অনুষ্ঠিত টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতার পর পাক অধিনায়ক ইউনিস খান টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেন। ফলে পাক বোর্ড এ ধরনের ক্রিকেটে আফ্রিদিকেই অধিনায়ক হিসাবে যোগ্য বিবেচনা করেছে।
টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ আফ্রিদিই ছিলেন সেরা পছন্দ। ইউনিসকে পাক বোর্ড আবার চিন্তাভাবনার সুযোগ দিলেও চেয়ারম্যান ইজাজ বাট নিজে থেকে ইউনিসকে অনুরোধ করেছিলেন থেকে যাওয়ার জন্য। কিন্তু ইউনিস সিদ্ধান্ত না পাল্টানোয় শহীদ আফ্রিদিকেই বেছে নিচ্ছে পাক বোর্ড। তবে সেটা শুধু শ্রীলঙ্কার বিপক্ষে একটি ম্যাচের জন্যই।
আফ্রিদি এর পরে অন্য কোনও টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচের অধিনায়ক থাকবেন কি-না, সেটা ভবিষ্যতই বলতে পারবে। তবে এটাই তার জন্য প্রথম কোনও সুযোগ পাকিস্তানকে নেতৃত্ব দেওয়ার এবং সেটা যে কোনও ধরনের ক্রিকেটে।
পাকিস্তানের পক্ষে ১৩ বছর ধরে খেললেও কখনই তিনি দলের নেতৃত্বে আসেননি।
তবে গত পাঁচ বছরে আফ্রিদির পারফরম্যান্স ছিল দারুণ। সীমিত ওভারের ম্যাচে তিনি নিজেকে একজন অপরিহার্য ক্রিকেটারে পরিণত করতে পেরেছেন।
তবে ঘরোয়া ক্রিকেটে নেতৃত্বের অভিজ্ঞতা আছে আফ্রিদির। তিনি হাবিব ব্যাংক, সিন্ধ এবং করাচি ডলফিনের অধিনায়ক হিসাবে দায়িত্ব পালন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এসকে/২৩৫৫ঘ.
bdnews24