ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিরীক্ষা হিসাব জমা দিতে দেরি করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, শ্রীলঙ্কা ক্রিকেট ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। তাই আইসিসি ওয়ার্ল্ড টোয়েন্টি-টোয়েন্টি থেকে বোর্ড তিনটি তাদের পাওনা ২৮ লাখ ডলার দেরি করে পেতে পারে।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিয়ম অনযায়ী, কোন সদস্য দেশ তাদের হিসাব দাখিল করতে দেরি করলে আইসিসির কোন ইভেন্ট থেকে আয়ের অংশ পাওয়ার যোগ্য বলে সেই দেশটি বিবেচিত হবে না। তবে পরিস্থিতি ঠিক হয়ে গেলে এই অর্থ দিয়ে দেওয়া হয়। ধারণা করা হচ্ছে এই তিনটি বোর্ডের অর্থের অভাব রয়েছে। তাই কোন রকম বিলম্ব হলে বোর্ড তিনটির সমস্যা আরও বেড়ে যাবে।
এই তিনটি বোর্ডের মধ্যে পরিস্থিতি সব চেয়ে খারাপ শ্রীলঙ্কার। এরই মধ্যে তারা দু'বছর পেছনে পড়ে গেছে। ২০০৭ সালের ডিসেম্বরে শেষ হওয়া বছরের হিসাব জমা দেওয়ার কথা ছিল ২০০৮ সালের ডিসেম্বরে। ২০০৮ সালের ডিসেম্বর পর্যন্ত হিসাব জমা দেওয়ার তারিখ পেরিয়ে যায় গত মাসে।
এ প্রসঙ্গে শ্রীলঙ্কা ক্রিকেটের কোষাধক্ষ্য সুজিকা রাজাপাকসে বলেন, প্রশাসনে পরিবর্তন আসায় হিসাব জমা দিতে বিলম্ব হয়েছে।
সুনির্দিষ্ট ওই সময়ের হিসাব নিয়ে নিরীক্ষা শেষ হয়েছে। কিন্তু এর পরই প্রশাসনে পরিবর্তন আসে বলে তিনি জানান।
রাজাপাকসে বলেন, নতুন বোর্ড বিষয়টি ভিন্নভাবে খতিয়ে দেখছে। এছাড়া কিছু কিছু বিষয়ে নতুন করে নিরীক্ষা চালাতে বলেছে। এই কাজ এখন চলছে বলে তিনি জানান।
তিনি বলেন, "এ মাসের শেষ দিকে কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। এর পরই আইসিসিতে আমাদের হিসাব জমা দেওয়া হবে।"
২০০৮ সালের জুনে শেষ হওয়া বছরের জন্য পাকিস্তানের হিসাব জমা দেওয়ার কথা ছিল গত ডিসেম্বরে। পিসিবির এক কর্মকর্তা তাদের পিছিয়ে পড়ার কথা স্বীকার করে বলেন, "এটি কোন বিষয়ই নয়।"
বিসিসিআইও পেছনে পড়ে আছে। কিন্তু আইসিসির এক মুখপাত্রও বলেন, এটি কোন বিষয়ই নয়।
২০০৮ সালের সেপ্টেম্বরে শেষ হওয়া বছরের জন্য উইন্ডিজ বোর্ডের হিসাব জমা দেওয়ার কথা ছিল গত মার্চে। তবে এ ব্যাপারে মন্তব্য করার জন্য বোর্ডের কাউকে পাওয়া যায়নি।
তথ্য: ক্রিকইনফো থেকে নেওয়া
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২০৫০ ঘ.
bdnews24