২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের বিপক্ষে নাটকীয় জয়ে সিরিজ জিতল বাংলাদেশের যুবারা

পঞ্চম ওয়ানডেতে এক উইকেটের নাটকীয় জয়ে ইংল্যান্ড অনূর্ধ্ব -১৯ দলের বিপক্ষে সিরিজ জিতেছে সফররত বাংলাদেশের যুবারা। বাংলাদেশ সময় শুক্রবার রাতে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম এবং সিরিজ নির্ধারণী ম্যাচে অধিনায়ক মাহমুদুল হাসানের ৭০ রানের দুরন্ত ইনিংসে বাংলাদেশ দল শেষপর্যন্ত ১ উইকেটে জয় পায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2009, 02:03 PM

Updated : 26 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- পঞ্চম ওয়ানডেতে এক উইকেটের নাটকীয় জয়ে ইংল্যান্ড অনূর্ধ্ব -১৯ দলের বিপক্ষে সিরিজ জিতেছে সফররত বাংলাদেশের যুবারা। বাংলাদেশ সময় শুক্রবার রাতে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম এবং সিরিজ নির্ধারণী ম্যাচে অধিনায়ক মাহমুদুল হাসানের ৭০ রানের দুরন্ত ইনিংসে বাংলাদেশ দল শেষপর্যন্ত ১ উইকেটে জয় পায়। লো স্কোরিং ম্যাচে শেষ দুই ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ৬ রানের। হাতে ছিল শেষ ২ উইকেট। কিন্তু টেলএন্ডার নূর হোসেন রানআউট হয়ে গেলে স্বাগতিক ইংল্যান্ডের জন্য জয়ের সুযোগ তৈরি হয়। কিন্তু ছয় বল বাকি থাকতে ঝুঁকিপূর্ণ একটি রান নিয়ে দলের জয় নিশ্চিত করেন বাংলাদেশের শেষ দুই ব্যাটসম্যান। টসে জিতে প্রথম ব্যাট করতে নেমে ইংল্যান্ড বাংলাদেশী স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৬ রান করে। জবাব দিতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশী যুবারা। মাত্র ৫৯ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর ক্রিজে আসেন অধিনায়ক মাহমুদুল হাসান। তার দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়েই মূলত জয়ের একেবারে দ্বারপ্রান্তে চলে যায় বাংলাদেশ। ৮৫ বলে ৭০ রানের সময়োপযোগী দারুণ এক ইনিংস খেলেন হাসান। তাকে যোগ্য সহায়তা দেন আলাউদ্দিন বাবু। তিনি শেষপর্যন্ত ৩০ বলে ২৪ রান করে অপরাজিত থেকেই দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ফলে ২ ম্যাচের টেস্ট সিরিজটি ০-১ ব্যবধানে হারলেও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটি ২-১ ব্যবধানে জিতে নেয় সফরকারী বাংলাদেশ। আগামী মঙ্গলবার তারা স্বাগতিকদের বিপক্ষে সফরের একমাত্র টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচটি খেলবে লিঙ্কনশায়ারে। সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড অনূধ্ব ১৯: ১৯৬/৮(নর্থইস্ট ৬৮; সাব্বির ৩৭/২, মমিনুল ২৪/২) বাংলাদেশ অনূর্ধ্ব ১৯: ১৯৭/৯(মাহমুদুল ৭০, এনামুল ২৪; ব্রিগস ২৩/৩) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/২০১৬ঘ.