২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাশরাফির দুঃখ

এই মুহূর্তে যার মাঠে থাকার কথা সেই মাশরাফি ফিরে এসেছেন দেশে। বিদেশের মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেলেও মনের গভীরে চিনচিনে ব্যাথা ঠিকই অনুভব করছেন। হাঁটুর চোট কেড়ে নিয়েছে তার নেতৃত্ব। প্রথম টেস্টে নামেমাত্র মাঠে থাকার সুযোগ পেলেও খেলা হয়নি দ্বিতীয় টেস্ট। অসুস্থ শরীর নিয়ে একদিনের সিরিজে খেলার প্রশ্নই আসে না। তাই বাধ্য হয়েই দেশে ফিরলেন নড়াইল এক্সপ্রেস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2009, 02:33 PM

Updated : 26 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এই মুহূর্তে যার মাঠে থাকার কথা সেই মাশরাফি ফিরে এসেছেন দেশে। বিদেশের মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেলেও মনের গভীরে চিনচিনে ব্যাথা ঠিকই অনুভব করছেন। হাঁটুর চোট কেড়ে নিয়েছে তার নেতৃত্ব। প্রথম টেস্টে নামেমাত্র মাঠে থাকার সুযোগ পেলেও খেলা হয়নি দ্বিতীয় টেস্ট। অসুস্থ শরীর নিয়ে একদিনের সিরিজে খেলার প্রশ্নই আসে না। তাই বাধ্য হয়েই দেশে ফিরলেন নড়াইল এক্সপ্রেস। শুক্রবার জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে সংবাদ সম্মেলনে সেই হতাশা গোপনও করলেন না। বলেই ফেললেন সরাসরি," জাতীয় দল বিদেশে প্রথম টেস্ট সিরিজ জিতেছে। অথচ বলতে গেলে খেলাই হয়নি আমার। এটি খুবই দুঃখের ব্যাপার।" সেন্ট ভিনসেন্টে প্রথম টেস্টের তৃতীয়দিন সকালে বোলিংয়ের সময় ডান হাঁটুতে চোট পান মাশরাফি। তারপর সেই যে মাঠ ছাড়েন। এরপর আর মাঠে নামার মত অবস্থায় ফেরা হয়নি বাংলাদেশ অধিনায়কের। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানিয়ে দেন ওয়েস্ট ইন্ডিজ সফরে আর মাঠে নামা সম্ভব হচ্ছে না দেশের সেরা এই পেসারের। খেলা না হলেও গ্রেনাডার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের বিজয় উৎসবে ঠিকই উপস্থিত ছিলেন মাশরাফি। কারণ কালেভদ্রে আসে এমন মাহেন্দ্রক্ষণ। সেই মুহূর্তে নিজেকে বঞ্চিত করতে চাননি মাশরাফি। দেশের উদ্দেশে বিমানে ওঠার আগে একদিনের সিরিজেও স্বতীর্থদের সাফল্য কামনা করেছেন। "স্পিনাররা একটু মনযোগ দিলে একদিনের সিরিজেও ভাল করা সম্ভব। সাকিবের নেতৃত্বে ভাল করবে দল (বাংলাদেশ)," নিজের অভিজ্ঞতার ব্যাখ্যা করলেন মাশরাফি। নিজের অসম্পূর্ণ কাজ সাকিব সম্পন্ন করায় তাকেও ধন্যবাদ দিতে ভুল করেননি মাশরাফি। বরং সহকারীর নেতৃত্বগুণ দেখে নিজেও মুগ্ধ। বলেন, "সাকিব আর সকলের চেয়ে একটু আলাদা। নিজের দায়িত্ব সম্পর্কে ও খুবই সচেতন। বাংলাদেশ দলে তার মত ক্রিকেটারই দরকার।" বিদেশে প্রথম টেস্ট সিরিজ জেতায় খুশির বন্যা বয়ে গেছে সমর্থকদের মাঝে। অথচ এক মাস আগে টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের কাছে হারায় সমালোচনা ঝড় বইয়ে যায়। তারপরও ওয়েস্ট ইন্ডিজ সফরে ভাল খেলার প্রতিশ্র"তি দেয়েছিলেন ক্রিকেটাররা। তারা কথা ঠিকই রেখেছেন। কিন্তু সাফল্য সত্বেও সমালোচনার জবাব দিচ্ছেন না মাশরাফি। বরং বললেন, "আমরা কেবল আমাদের কাজ করেছি। কারো সমালোচনার জবাব দেওয়া তো আমাদের কাজ নয়।" তবে যারা এখনো আয়ারল্যান্ডের বিপক্ষে সেই পরাজয়কে মেনে নিতে পারছেন না, তাদেরকে সেই ঘটনাটা ভুলে যেতে অনুরোধ করেছেন বাংলাদেশ অধিনায়ক। তার বিশ্বাস সমর্থকরা এরই মধ্যে ভুলেও গেছেন অতীতের সব ব্যর্থতা। বলেন,"টানা আট মাস ভাল ক্রিকেটে খেলার পর ইংল্যান্ডে টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি ম্যাচে হেরেছি। ক্রিকেটে এরকম দিন তো আসতেই পারে।" এত কিছুর পরও মাশরাফির ভাবনায় শুধুই নিজেকে ফিরে পাওয়ার অদম্য বাসনা। শিগগিরই অস্ট্রেলিয়ায় বিশেষজ্ঞ চিকিৎসক ডেভিড ইয়ানি কোলাসোর স্মরণাপন্ন হবেন, যিনি তিনবার অস্ত্রোপচার করেছেন তার। এ প্রসঙ্গে তিনি বলেন,"চিকিৎসক যদি প্রয়োজন মনে করেন তাহলে চতুর্থবার হাটুতে অস্ত্রোপচার করাতে আপত্তি নেই।" ইনজুরিকে জয় করা যার স্বভাব তাকে বেশি দিন মাঠের বাইরে আটকে রাখা অসম্ভব। তিনবার অস্ত্রোপচার ও হাঁটুর জোড়ায় স্ক্রু লাগিয়েও দাপটের সঙ্গে মাঠ মাতিয়েছেন মাশরাফি। তিনি যে শিগগিরই মাঠে ফিরবেন এ নিয়েও কোন সংশয় নেই। হাঁটুর চোটটাও বড় কিছু নয়। যথাযথ পরিচর্যা করা হলে সেরে উঠতে খুব বেশি সময় লাগার কথা নয়। এদিকে একদিনের দল থেকে বাদ পড়ে দেশে ফিরেছেন পেসার সাহাদাত ও উইকেট কিপার সগির হোসেন পাভেল। তবে এনামুল হক জুনিয়র ইংল্যান্ডে কয়েকদিন বিশ্রামে থাকবেন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের জন্য দলে জায়গা না পেলেও তাদের মনে টেস্ট জয়ের সুখ-স্মৃতি এখনও তাজা। পেসার সাহাদাত বলেন, "এটা অন্য জয়গুলোর মত নয়। এর আনন্দ আগের সব কিছুকে ছাড়িয়ে গেছে। মুশফিক যখন বলে দোস্ত আমরা জিতেছি। তখনো যেন ঘোর কাটছিলো না।" বাংলাদেশ টেস্ট সিরিজ জিতেছে, কিন্তু চার ইনিংসে বল করার সুযোগ পেলেও তেমন সুবিধা করতে পারেননি সাহাদাত। বললেন, "উইকেট ছিল স্লো এবং লো, যা স্পিন উপযোগী। এ ধরণের পিচে একটানা বল করা সম্ভব হলে উইকেট পাওয়া যায়। আমি তেমন সুযোগ পাইনি।" উইকেট কিপার সগির হোসেনের মাঠে নামার সুযোগ না হলেও বাংলাদেশের এই বিজয়ের নিদর্শন হিসেবে ওয়েস্ট ইন্ডিজ থেকে নিয়ে এসেছেন একটি স্ট্যাম্প। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২০৩৮ ঘ.