ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টেস্ট ক্রিকেটের সাফল্যকে পুঁজি করে একদিনের সিরিজের জন্য শুক্রবার প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
এর মধ্য দিয়ে পোটর্সমাউথের ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজ ভাইস চ্যাঞ্চেলর একাদশের বিপক্ষে নিজেদের গুছিয়ে নেয়ার সুযোগ পাচ্ছেন সাকিবরা।
বিদেশে প্রথম টেস্ট সিরিজ জয়ের সাফল্যের ধারাবাহিকতা দেখাতে প্রস্তুতি ম্যাচেও আটঘাট বেঁধে মাঠে নামবেন বাংলাদেশের ক্রিকেটাররা। যদিও দলের সেরা পেসার অধিনায়ক মাশরাফি বিন মোর্তাজাকে ছাড়াই একদিনের সিরিজ খেলতে হচ্ছে বাংলাদেশকে।
অসুস্থ মাশরাফি ছাড়াও শুক্রবার দেশে ফিরবেন টেস্ট দল থেকে বাদ পড়া তিন ক্রিকেটার পেসার সাহাদাত হোসেন, স্পিনার এনামুল হক জুনিয়র, উইকেট কিপার সগির হোসেন।
তাদের জায়গায় একদিনের ম্যাচ খেলতে দলে সঙ্গে যোগ দিয়েছেন স্লো মিডিয়াম পেসার নাজমুল হোসেন, বাঁ-হাতি পেসার সৈয়দ রাসেল, বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাক ও স্পিন অল-রাউন্ডার নাঈম ইসলাম।
একদিরেন প্রস্তুতি ম্যাচটি এই চার ক্রিকেটার ছাড়াও আশরাফুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। টেস্ট সিরিজে রান পাননি সাবেক অধিনায়ক আশরাফুল। তাই এ ম্যাচে রান পাওয়া তার জন্য খুবই জরুরি।
স্বাগতিক দলের বিপক্ষে বাংলাদেশ তিনটি একদিনের ম্যাচ খেলবে ২৬, ২৮ ও ৩১ জুলাই।
একমাত্র টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচটি হবে ২ আগস্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২২৪৫ ঘ.
bdnews24