ঢাকা, জুলাই ২৩(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডোপ টেস্টে ব্যর্থ এবং দুবাইয়ে মাদক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার আড়াই বছর পর পাকিস্তান ক্রিকেট দলে ডাক পেয়েছেন মোহাম্মদ আসিফ। তিনি তার এই ডাক পাওয়াকে অভিহিত করেছেন 'পুনর্জন্ম' হিসাবে।
আসিফ এএফপিকে বলেন, "আপনারা বলতে পারেন এই ডাক পাওয়ার মধ্য দিয়ে আমি পুনরায় ক্রিকেট জীবন ফিরে পেলাম।"
" আমি ভালোই খেলছিলাম। কিন্তু হঠাৎ করেই আমার ক্যারিয়ার এলোমেলো হয়ে গেল। এই রকম একটা বাজে সময় পার করা সত্যিই কঠিন একটা কাজ," বলেন তিনি।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত পাকিস্তানের ৩০ সদস্যের দলে মোহাম্মদ আসিফকেও রাখা হয়েছে। এই প্রতিযোগিতা হবে সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকায়।
গত বছর আইপিএলে খেলার সময় নিষিদ্ধ মাদক ন্যানড্রোলিন গ্রহণের জন্য আসিফকে সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ করা হয়। এই নিষেধাজ্ঞার মেয়াদ কেটে যাবে ২২ সেপ্টেম্বর। আর পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ খেলবে ২৩ সেপ্টেম্বর।
পাকিস্তানী এই ফাস্ট বোলার প্রথম বারের মতো ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হন ২০০৬ সালে, ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গিয়ে। সেসময় আসিফ নিষিদ্ধ মাদক নেওয়ার কথা অস্বীকার করলেও এক বছরের নিষেধাজ্ঞা জোটে তার ভাগ্যে। পরে তিনি এর বিরুদ্ধে আপিল করে পার পেয়ে যান।
এরপর ২০০৮ সালে দুবাই বিমানবন্দরে আফিমসহ ধরা পড়েন তিনি। তার শাস্তিও হয়। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড ১ লাখ রুপি জরিমানা দিয়ে তাকে ছাড়িয়ে আনে। এরপর নিষিদ্ধ মাদক গ্রহণের দায়ে আইপিএলে তাকে নিষিদ্ধ করা হয় গত ফেব্র"য়ারিতে।
তবে অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আর এ রকম কিছু করবেন না বলেই জানিয়েছেন আসিফ। শুধু তাই নয়, নিজের ফিটনেস ফিরিয়ে আনতেও বেশ খাটা-খাটনি করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/টিআর/২০১৪ ঘ.
bdnews24