ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগেই টেস্ট সিরিজ হেরে গেছে সফরকারী পাকিস্তান। তবে হোয়াইট ওয়াশ এড়াতে বদ্ধপরিকর তারা। সাবেক অধিনায়ক শোয়েব মালিকের অপরাজিত শতকে তৃতীয় টেস্টে সুবিধাজনক অবস্থায় পৌঁছে গেছে ইউনিস খানের দল। এরই মধ্যে তারা স্বাগতিক শ্রীলঙ্কার চেয়ে ৩৬৬ রানে এগিয়ে গেছে। হাতে আছে আরও পাঁচ উইকেট।
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে পাকিস্তান তৃতীয় দিনের খেলা শুরু করে এক উইকেটে ১৬ রান নিয়ে। কিন্তু কুলাসেকারার বলে মোহাম্মদ ইউসুফ হেরাথের বলে সাঙ্গাকারার হাতে ধরা পড়লে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। তখন তাদের রান ছিল ৪ উইকেটে ৬৭। মোহাম্মদ ইউসুফ করেন ৫৫ বলে ২৩ রান।
এর আগে সকালে ব্যাট করতে নেমে ফাওয়াদ আলমকে হারায় পাকিস্তান। থুশারার বলে কট অ্যান্ড বোল্ড হয়ে ড্রেসিং রুমে ফিরে যান দলীয় ২২ রানের মাথায়। তখন তার ব্যক্তিগত রান ছিল ১৬। এরপর ১৯ রান করে কুলাসেকারার বলে এলবিডব্লিউ-এর ফাঁদে পড়ে ফিরে যান অধিনায়ক ইউনিস খান। তখন দলীয় রান ৩ উইকেটে মাত্র ৫৪।
এরপর ইনিংসের চেহারা পাল্টে যেতে থাকে ধীরে ধীরে। ম্যাচের পাল্লাও হেলে যেতে থাকে পাকিস্তানের দিকে।
মিসবাহ-উল-হক খুবই দেখেশুনে ব্যাট করে যেতে থাকেন। ১৪৯ বলে তিনি করেন ৬৫। সেই সঙ্গে পঞ্চম উইকেট জুটিতে ১১৯ রান করে দলকে বের করে আনেন বিপর্যয় থেকে। তার ইনিংসে পাঁচটি চার ও একটি ছয় রয়েছে।
পাকিস্তান প্রথম সেশনে ৭০ ও দ্বিতীয় সেশনে তোলে ৮২ রান। আর শেষ সেশনে বাড়িয়ে তোলে রান তোলার গতি। যদিও পঞ্চম উইকেটটি পড়ে ওই সেশনেই। ম্যথিউসের বাউন্সার মিসবাহর ব্যাট ছুঁয়ে চলে যায় উইকেট কিপারের কাছে। তিনি করেন ৬৫ রান। তখন দলীয় রান ছিল ৫ উইকেটে ১৮৬।
দিন শেষে শোয়েব মালিক ১০৬ রানে অপরাজিত এবং উইকেট কিপার ব্যাটসম্যান কামরান আকমলের অপরাজিত রয়েছেন ৬০ রানে।
শোয়েব মালিক তার ইনিংসটি সাজান দশটি চার ও দু'টি ছক্কা দিয়ে। আর আকমলের ইনিংসে রয়েছে পাঁচটি চার ও একটি ছয়।
পুরো তৃতীয় দিন ব্যাট করে পাকিস্তান সংগ্রহ করে ৫ উইকেটে ৩০০ রান।
শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ দু'টি উইকেট নেন হেরাথ। এজন্য তাকে রান খরচ করতে হয়েছে ১১৩।
এছাড়া একটি করে উইকেট নেন কুলাসেকারা, থুশারা ও ম্যাথিউস। তাদের মধ্যে থুশারা ছিলেন সব চেয়ে ব্যয়বহুল। তিনি রান দিয়েছেন ১৯ ওভারে ৮৪।
চামিন্দা ভাস এই ইনিংসে এখনও কোন উইকেট পাননি। ১৪ ওভার বল করে ২৯ রান দিয়েছেন তিনি।
প্রথম দু'টি টেস্ট জিতে তিন ম্যাচের সিরিজ এরই মধ্যে জিতে নিয়েছে শ্রীলঙ্কা।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান - ২৯৯ ও ৩০০/৫ (শোয়েব মালিক অপরাজিত ১০৬, কামরান আকমল অপরাজিত ৬০ ও মিসবাহ-উল-হক ৬৫)
শ্রীলঙ্কা - ২৩৩ (প্রথম ইনিংস)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৯০০ ঘ.
bdnews24