ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসায় মিষ্টি নিয়ে দেখা করতে গেলে তিনি কিকেটারদের অভিনন্দন জানান।
বিসিবির মিডিয়া কমিটির প্রধান মোহাম্মদ জালাল ইউনুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাংলাদেশ দলের সাফল্যে খুবই খুশি প্রধানমন্ত্রী।"
দেশে ফেরার পর ক্রিকেটারদের প্রধানমন্ত্রী উষ্ণ অভ্যর্থনা জানাতে বলেছেন বলে জানান তিনি।
জালাল ইউনুস বলেন, "২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপ যাতে সফল হয় সে ব্যাপারেও উদ্যোগ নিতে বলেছেন প্রধানমন্ত্রী।"
শেখ হাসিনা যত তাড়াতাড়ি সম্ভব ভেন্যু সংস্কার এবং সংশ্লিষ্ট কাজ শুরু করতেও বলেছেন বলে তিনি জানান।
এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, ক্রীড়া মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির প্রধান জাহিদ আহসান রাসেল, বিসিবির সভাপতি সিনা ইবনে জামালী, মিডিয়া কমিটির প্রধান মোহাম্মদ জালাল ইউনুস, ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান এনায়েত হোসেন সিরাজ, বোর্ড পরিচালক দেওয়ান শফিউল আরেফিন টুটুল, পরিচালক সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীর ও গ্রাউন্ডস কমিটির প্রধান শফিকুর রহমান মুন্ন।
টেস্ট সিরিজ জেতায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াও।
তিনি আশা করেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দল যেভাবে খেলেছে ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
এছাড়া স্পিকার আব্দুল হামিদ, যুব ও ক্রীড়া বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি, ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ক্রিকেটার এবং কর্মকর্তাদের অভিনন্দন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২২৫০ ঘ.
bdnews24