২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বন্দ্ব মেটাতে এগিয়ে এসেছেন গায়ানার প্রেসিডেন্ট

চুক্তি না থাকা নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে বিদ্রোহী ক্রিকেটারদের দ্বন্দ্ব মেটাতে শেষ পর্যন্ত এগিয়ে এসেছেন গায়ানার প্রেসিডেন্ট ভারত জাগদেও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2009, 04:29 PM

Updated : 26 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চুক্তি না থাকা নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে বিদ্রোহী ক্রিকেটারদের দ্বন্দ্ব মেটাতে শেষ পর্যন্ত এগিয়ে এসেছেন গায়ানার প্রেসিডেন্ট ভারত জাগদেও। তিনি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এবং প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে আলাদা আলাদা বৈঠকে বসে সমস্যা সমাধানের চেষ্টা করবেন। গত সপ্তাহে বাংলাদেশের বিপক্ষে সিরিজ বর্জনকারী ক্রিকেটাররা সমস্যা সমাধানে ক্যারাবিয়ান কমিউনিটি অ্যান্ড কমন মার্কেটের (কারিকম) হস্তক্ষেপ কামনা করে। এর পরিপ্রেক্ষিতে কারিকমের সরকার প্রধানদের চেয়ারম্যান ভারত জাগদেও দু'পক্ষের সঙ্গেই আলোচনা করতে রাজি হয়েছেন। ক্যারিবিয়ান মিডিয়া কর্পোরেশনের কাছে মঙ্গলবারের এ বৈঠকের কথা নিশ্চিত করেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের হয়ে দেন-দরবারকারী দলের সদস্য গেরার্ড পিনার্ড। তিনি বলেন, প্লেয়ার্স অ্যাসোসিয়েশন কারিকমের সভাপতি হিসাবে জাগদেওয়ের প্রতি সমস্যা সমাধানে হস্তক্ষেপের অনুরোধ করে। এর প্রেক্ষাপটে তিনি উইন্ডিজ ক্রিকেট বোর্ডকে আলোচনার আমন্ত্রণ জানান। তবে প্লেয়ার্স অ্যাসোসিয়েশন ও ক্রিকেট বোর্ডের সঙ্গে তিনি আলাদা আলাদা বৈঠকে বসবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/টিআর/২০৫১ ঘ.