ঢাকা, জুলাই ১৯(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---পাকিস্তানের বিপক্ষে সোমবার কলম্বোতে শুরু হতে যাওয়া টেস্টটিই লঙ্কান ফাস্ট বোলার চামিন্দা ভাসের শেষ টেস্ট। তবে ২০১১ বিশ্বকাপ পর্যন্ত ওয়ানডে এবং টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যাবেন বলে জানিয়েছেন দারুণ সফল এ বোলার।
রোববার কলম্বোতে রিপোর্টারদের কাছে ভাস বলেন,"পাকিস্তানের বিপক্ষে ৩য় টেস্টটি খেলার পরই আমি আনুষ্ঠানিকভাবে অবসর নিতে যাচ্ছি। তবে ২০১১ বিশ্বকাপ পর্যন্ত ওয়ানডে এবং টোয়েন্টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাব।"
এ ব্যাপারে সাংবাদিকদের আর কোনও প্রশ্নের উত্তর দিতে তিনি অস্বীকার করেন।
৩৫ বছর বয়স্ক ভাসের এ ঘোষণার মাধ্যমে শ্রীলঙ্কার এক নিরলস এবং সফলতম বোলারের টেস্ট ক্যারিয়ারের সমাপ্তি ঘটল। ১১০ টেস্টে ৩৫৪টি উইকেট নেওয়া এ পেসার নিজের অভিষেক ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন ১৯৯৪ সালে। তিনিই শ্রীলঙ্কার পক্ষে দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারী বোলার। ওয়ানডেতেও সমান সফল ভাস। এরই মধ্যে ৪০০টি ওয়ানডে উইকেট ঝুলিতে পুরেছেন তিনি।
গত ৪ জুলাই লঙ্কান প্রধান নির্বাচক অজন্থা ডি মেইল মিডিয়ায় বলেছিলেন, ভাস তাকে বলেছেন তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবেন। কিন্তু এ খবর মিডিয়ায় প্রকাশ হওয়ার পর ভাস তা অস্বীকার করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এসকে/২০২৮ঘ.
bdnews24