ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - দলে ডাক পাওয়ার পর পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্ট খেলতে পারেন শ্রীলংকার বোলার চামিন্দা ভাস।
সেই সঙ্গে ১৫ বছর ধরে ক্রিকেট অঙ্গনে নিজেকে স্বমহিমায় প্রতিষ্ঠা করে দিতে পারেন অবসরের ঘোষণা।
টেস্ট শুরু হচ্ছে সোমবার কলম্বোর সিংহলিস স্পোর্ট ক্লাব মাঠে।
৩৫ বছরের ভাস তৃতীয় টেস্ট শুরু হওয়ার আগেই ব্যাট-বল তুলে রাখার ঘোষণা দিতে পারেন। পাকিস্তানের বিরুদ্ধে টেস্টটি হবে তার ১১১তম। এরই মধ্যে তার ঝুলিতে রয়েছে ৩৫৪টি টেস্ট উইকেট।
স্পিনার অজন্তা মেন্ডিস কিংবা সুরাজ রনদ্বীপের জায়গায় খেলতে পারেন চামিন্দা ভাস।
৩৭ বছর বয়সী অফ-স্পিনার মুত্তিয়া মুরালিধরনকেও তৃতীয় টেস্টে মাঠে নামনোর বিষয়টি বিবেচনা করতে পারেন নির্বাচকরা। তবে এ ব্যাপারে এখনও কোন চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। যদিও হাটুর ইনজুরি থেকে সেরে উঠেছেন তিনি।
এরই মধ্যে শ্রীলংকা ২-০ টেস্টে এগিয়ে গেছে।
শ্রীলংকার অধিনায়ক কুমার সাঙ্গাকারা তৃতীয় টেস্ট জিতে হোয়াইট ওয়াস করতে চান পাকিস্তানকে।
কিন্তু পাকিস্তানের অধিনায়ক ইউনিস খান চান ঠিক সাঙ্গাকারার উল্টোটা। তৃতীয় ম্যাচ জিতে একদিনের আন্তর্জাতিক সিরিজ শুরু হওয়ার আগে দলের ক্রিকেটারদের চাঙ্গা করে তুলতে চান তিনি।
একদিনের আন্তর্জাতিক সিরিজ শুরু হবে ৩০ জুলাই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২২১৭ ঘ.
bdnews24