২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পিনে বধ ওয়েস্ট ইন্ডিজ

স্পিনে ওয়েস্ট ইন্ডিজের দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে গ্রেনাডায়। প্রথম ইনিংসে তিন সেশন খেলার আগেই অল-আউট হয়ে তাই প্রমাণ করলো ক্যারিবীয়রা। বাংলাদেশের স্পিনের মুখে শুক্রবার দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে তারা গুটিয়ে যায় ২৩৭ রানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2009, 04:52 AM

Updated : 26 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পিনে ওয়েস্ট ইন্ডিজের দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে গ্রেনাডায়। প্রথম ইনিংসে তিন সেশন খেলার আগেই অল-আউট হয়ে তাই প্রমাণ করলো ক্যারিবীয়রা। বাংলাদেশের স্পিনের মুখে শুক্রবার দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে তারা গুটিয়ে যায় ২৩৭ রানে। বাংলাদেশের তিন স্পিনারের শিকার হন নয় ব্যাটসম্যান। আর বাকি উইকেটটি জোটে পেসার শাহাদাত হোসেনের ভাগ্যে। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ৩৫। শেষ বেলায় স্বাগতিক ব্যাটসম্যানদের অল-আউট করেও বিপদে পড়ে বাংলাদেশ। দিনভর ফিল্ডিংয়ের পর ক্লান্ত শরীরে ব্যাট করতে নেমে মনোযোগ রাখতে পারছিলেন না উদ্বোধনী জুটি। এর খেসারত দিতে হয় দলের ২৬ রানের মাথায়, ইমরুল কায়েসের উইকেট হারিয়ে। সামির অফসাইডের বল খেলতে গিয়ে উইকেটের পেছনে ১৪ রানে ক্যাচ দেন ইমরুল। এরপর আর ঝুঁকি নেয়নি বাংলাদেশ। নাইটওয়াচম্যান হিসেবে তামিমের সঙ্গে যোগ দেন স্পিনার এনামুল হক জুনিয়র। তবে আর কোন উইকেট না হারিয়েই দিনের বাকি সময় পার করে দেয় এই জুটি। তামিম ১৪ আর এনামুল ৫ রানে অপরাজিত থাকেন। দুই টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ। এই টেস্ট ড্র কিংবা জিতলে বিদেশের মাটিতে প্রথমবার সিরিজ জয়ের স্বাদ পাবে তারা। সকালে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরুতে তেমন সুবিধা করতে পারছিলো না বাংলাদেশ। দুই পেসার শাহাদাত আর রুবেলের লাইন লেনথ যথাযথ না হওয়ায় অনেকটা ওয়ানডে আদলেই ব্যাট করে স্বাগতিক দলের দুই ওপেনার ডেল রিচার্ডস ও ওমর ফিলিপস। প্রথম ৫ ওভারে বিনা উইকেটে ৩০ রান তুলে সফরকারীদের চাপে ফেলে দেয়। পেসাররা যখন রান নিয়ন্ত্রণে রাখতে পারছিলেন না, তখন বাধ্য হয়েই স্পিনারদের ডাকতে হয় অধিনায়ককে। সাহাদাতের জায়গায় এনামুলকে আনা হলে কিছুটা হলেও রানের গতি কমে আসে। তারপরও স্বমহিমায় খেলে যান স্বাগতিক দলের উদ্বোধনী জুটি। উইকেট অক্ষত রেখে ১১ ওভার ৫ বলে ৫০ রান করে ওয়েস্ট ই্িন্ডজ। প্রথম সাফল্য আসে অধিনায়ক সাকিবের হাত ধরেই। ব্যাক্তিগত ২৩ রানে ডিপমিড উইকেটে তামিমের হাতে ধরা পড়েন উইন্ডিজ উদ্বোধনী ব্যাটসম্যান ওমর ফিলিপস। দ্বিতীয় উইকেটে ডাওলিনকে সঙ্গে নিয়ে রিচার্ডস মারমুখো হয়ে উঠলে বাংলাদেশের জন্য তা মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়ায়। দলকে ১০৪ রানে পৌঁছে দিয়ে আলাদা হয় এই জুটি। ২৩তম ওভারের তৃতীয় ও পঞ্চম বলে রিচার্ডস ও হাইন্ডসকে কট অ্যান্ড বোল্ড করে বাংলাদেশ শিবিরে স্বস্তি এনে দেন অফ স্পিনার মাহমুদুল্লাহ রিয়াদ। রিচার্ডস করেন ৬৯ রান। আর রায়ান হাইন্ডস ২। ম্যাচের পরের অংশটি বাংলাদেশের স্পিনারদের কীর্তিগাথা। ১৬০ রানে সাত উইকেট তুলে নিয়ে অল্প রানেই স্বাগতিকদের ইনিংস থামিয়ে দেয়ার সম্ভাবনা তৈরি করে। কিন্তু ডাওলিন আর অস্টিন অপ্রতিরোধ্য হয়ে ওঠেন। অষ্টম উইকেটে তারা ৫৯ রান যোগ করলে দু'শোর কোটা ছাড়িয়ে যায় ওয়েস্ট ই্িন্ডজ। সতীর্থদের যাওয়া আসার মাঝেও শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে নামের পাশে ৯৫ রান যোগ করেন ডাওলিন। অল্পের জন্য সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপটা থেকেই গেলো তার। বাংলাদেশের পক্ষে সাকিব, রিয়াদ ও এনামুল হক জুনিয়র তিনটি করে উইকেট নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/১৮৩২ঘ.