২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় টেস্টেও নতুনদের খেলাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

শুক্রবার সেন্ট জর্জে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টেও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ নতুনদের নিয়ে গড়া দলই মাঠে নামাচ্ছে। তবে ব্যাটসম্যান হিসাবে তারা নতুন করে দলে নিয়েছে রায়ান হাইন্ডসকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2009, 03:43 PM

Updated : 26 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১৫(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/)---শুক্রবার সেন্ট জর্জে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টেও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ নতুনদের নিয়ে গড়া দলই মাঠে নামাচ্ছে। তবে ব্যাটসম্যান হিসাবে তারা নতুন করে দলে নিয়েছে রায়ান হাইন্ডসকে। শুধু তাই নয়, বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে না খেলা বারবাডিয়ান ব্যাটসম্যান ক্রেইগ ব্র্যাথওয়েট এবং জ্যামাইকান এন্ডি ক্রিরিকে তারা ছেড়ে দিয়েছে তিন দিনের ঘরোয়া ম্যাচ খেলার জন্য। নতুন দলে ঢোকা বাঁহাতি ব্যাটসম্যান হাইন্ডস ওয়েস্ট ইন্ডিজের পক্ষে গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে একটি টেস্ট খেললেও মে মাসে ইংল্যান্ডে ফিরতি সফরের দল থেকে বাদ পড়েন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ডেভ ক্যামেরন অবশ্য বিদ্রোহী ক্রিকেটারদের দলে ফেরাতে কম চেষ্টা করেননি। তিনি ঘোষণা দিয়েছিলেন, যে কোনও ক্রিকেটার সিদ্ধান্ত পাল্টে দলে আসতে পারে। কিন্তু তার ঘোষণায় বিদ্রোহী ক্রিকেটারদের কেউই ফিরে আসেননি। মূল দল ছাড়া প্রথম টেস্ট খেলে ওয়েস্ট ইন্ডিজ আর্নস ভিলায় বাংলাদেশের কাছে ৯৫ রানে পরাজিত হয়। দ্বিতীয় টেস্টে তাই ঘুরে দাঁড়ানোর যথাসম্ভব চেষ্টা চালাবে তারা। ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: ফ্লয়েড রেইফার (অধি.), ড্যারেন সামি, রায়ান হাইন্ডস, রায়ান অস্টিন, ডেভিড বার্নার্ড, টিনো বেস্ট, ট্রেভিস ডাউলিন, কেভিন ম্যাকক্লিন, নিকিতা মিলার, নেলন প্যাসকেল, ওমর ফিলিপস, ডেল রিচার্ডস, কেমার রোচ, চ্যাডউইক ওয়ালটন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এসকে/২১৪৭ঘ.