২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় টেস্টের দায়িত্ব হয়তো সাকিবের কাঁধেই

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুক্রবার সেন্ট জর্জে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট খেলতে নামবে সফরকারী বাংলাদেশ। এ টেস্টে বাংলাদেশ দলের দায়িত্ব খুব সম্ভব সাকিব আল হাসানের কাঁধেই বর্তাচ্ছে। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে তার ইনজুরিগ্রস্ত ডান হাঁটুর স্ক্যান রিপোর্টের জন্য অপেক্ষা করতে হচ্ছে। মঙ্গলবার গ্রেনাডায় স্ক্যান করানো রিপোর্ট মেলবোর্নে মাশরাফির ডাক্তার পর্যালোচনা করে গ্রিন সিগন্যাল দিলেই কেবল মাঠে নামতে পারবেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2009, 11:08 AM

Updated : 26 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুক্রবার সেন্ট জর্জে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট খেলতে নামবে সফরকারী বাংলাদেশ। এ টেস্টে বাংলাদেশ দলের দায়িত্ব খুব সম্ভব সাকিব আল হাসানের কাঁধেই বর্তাচ্ছে। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে তার ইনজুরিগ্রস্ত ডান হাঁটুর স্ক্যান রিপোর্টের জন্য অপেক্ষা করতে হচ্ছে। মঙ্গলবার গ্রেনাডায় স্ক্যান করানো রিপোর্ট মেলবোর্নে মাশরাফির ডাক্তার পর্যালোচনা করে গ্রিন সিগন্যাল দিলেই কেবল মাঠে নামতে পারবেন তিনি। মাশরাফি সেন্ট ভিনসেন্টে অনুষ্ঠিত প্রথম টেস্টের তৃতীয় দিন হাঁটুতে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন। যে টেস্টটি বাংলাদেশ ৯৫ রানে জিতে বিদেশের মাটিতে প্রথম টেস্ট জয়ের ইতিহাস গড়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মাশরাফিকে দ্বিতীয় টেস্ট খেলানোর ঝুঁকি নিতে চাইছে না। বিসিবির এক কর্মকর্তা বুধবার ক্রিকইনফোকে বলেন, "এ অবস্থায় মাশরাফির পক্ষে হয়তো দ্বিতীয় টেস্ট খেলা সম্ভব হবে না। আর তার বিকল্প অবধারিতভাবেই সাকিব, যিনি মাশরাফির অনুপস্থিতিতে প্রথম টেস্টের শেষ দুদিন বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন।" বিসিবির মুখপাত্র রাবেদ ইমাম জানান, মঙ্গলবার গ্রেনাডার সেন্ট জর্জে মাশরাফির হাঁটুতে স্ক্যান করানো হয়। তিনি বলেন, "স্ক্যান রিপোর্টে দেখা গেছে মাশরাফির হাঁটুর মাংসপেশী ছড়ে গেছে, ছিঁড়ে যায়নি, যে ভয় পাচ্ছিল বাংলাদেশ দল।" তিনি আরও বলেন, "স্ক্যান রিপোর্ট অস্ট্রেলিয়ার মেলবোর্নে ডা. ইয়ুংয়ের কাছে পাঠানো হবে, যিনি আগেও মাশরাফির চিকিৎসা করেছেন। তাই কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে টিম ম্যানেজমেন্ট ডা. ইয়ুংয়ের ছাড়পত্রের জন্য অপেক্ষা করছে।" গত মাসে মোহাম্মদ আশরাফুলের কাছ থেকে অধিনায়কত্ব পাওয়া মাশরাফি অবশ্য ক্যারিয়ারের শুরু থেকেই ইনজুরির সঙ্গে লড়াই করে আসছেন। তার বিকল্প হিসাবে এর মধ্যেই নাজমুল হোসেনকে উড়িয়ে নেওয়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজে। বাংলাদেশ দল ২ ম্যাচের টেস্ট সিরিজ শেষে ৩টি ওয়ানডে এবং একটি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ খেলবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/ ১৭১৭ঘ.