২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের বিপক্ষে স্বদেশে প্রথম টেস্ট সিরিজ জিতলো শ্রীলঙ্কা

তিনদিনেই কলম্বো টেস্ট জিতে নিলো স্বাগতিক শ্রীলঙ্কা। ফলে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে পাকিস্তানের বিপক্ষে নিজেদের মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয়ের রেকর্ড গড়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2009, 05:20 PM

Updated : 26 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১৪(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- তিনদিনেই কলম্বো টেস্ট জিতে নিলো স্বাগতিক শ্রীলঙ্কা। ফলে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে পাকিস্তানের বিপক্ষে নিজেদের মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয়ের রেকর্ড গড়েছে তারা। তবে প্রথম ইনিংসে ৯০ রানে অলআউট হওয়া পাকিস্তান দারুণভাবেই ম্যাচে ফিরেছিল। শ্রীলঙ্কার প্রথম ইনিংস ২৪০ রানে থামিয়ে দেওয়া এবং ডেব্যুটেন্ট ওপেনার ফাওয়াদ আলমের সেঞ্চুরির পাশাপাশি অধিনায়ক ইউনিস খানের দুরন্ত ব্যাটিং তাদের আশা জাগিয়েছিল বেশ ভালোভাবেই। তৃতীয় দিন ১ উইকেটে ২৮৫ রান তুলে লাঞ্চে যায় পাকিস্তান। কিন্তু লাঞ্চের পরপরই শুরু হয় ধস। লঙ্কান বোলারদের তাণ্ডবে মাত্র ৩৫ রান তুলতেই খড়কুটোর মতো ভেসে যায় পাকিস্তান। তারা ৩২০ রানে অলআউট হয়ে গেলে শ্রীলঙ্কার সামনে জয়ের টার্গেট দাঁড়ায় ১৭১ রানের। মাত্র ৩ উইকেট হারিয়ে অতি সহজেই এ রান টপকে যায় স্বাগতিকরা। ফলে ৭ উইকেটের বড় জয় দিয়েই নিজেদের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের ইতিহাস গড়ে তারা। পাকিস্তান ৯ উইকেট হাতে রেখে ৩য় দিন শুরু করে ১৭৮ রানে। আগের দিনের সেঞ্চুরিয়ান ফাওয়াদকে নিয়ে অধিনায়ক ইউনিস খান ভালোভাবেই শুরু করেছিলেন। অবিচ্ছিন্ন থেকে তারা লাঞ্চে যান। দলের রান তখন পৌঁছেছে ২৮৫ রানে। লিড ১৩৬ রানের। এরকম একটি সুসংহত অবস্থা লাঞ্চের পর পাক ব্যাটসম্যানরা ধরে রাখতে পারেননি। লঙ্কান পেসার কুলাসেকেরা এবং স্পিনার রঙ্গনা হেরাথের যুগপৎ তোপে বেসামাল হয়ে যান লাঞ্চ ফেরতা ব্যাটসম্যানরা। শুরুটা করেন পারানাভিতানা। তিনি দারুণ খেলতে থাকা ইউনিস খানকে (৮৫) দিলশানের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরত পাঠানোর পরই মূলত শুরু হয় পাক দুর্গের পতন। পাকিস্তানের রান তখন ২ উইকেটে ২৮৫। এরপর হেরাথ এসে মোহাম্মদ ইউনুসকে (৬) এলবিডাব্লুর ফাঁদে ফেলেন। মিসবাউল হককে (৩) একই কায়দায় সাজঘরে পাঠান কুলাসেকেরা। পাকিস্তান তখন ৪ উইকেটে ৩০৩। এর পরের ওভারেই সেঞ্চুরিয়ান ফাওয়াদ আলমকে (১৬৮) হেরাথ ওয়ার্নাপুরার ক্যাচ বানালে পাকিস্তান ৩০৩ রানেই ৫ উইকেট হারায়। এরপর তাসের ঘরের মতোই গুঁড়িয়ে যায় পাক ইনিংস। বাকি উইকেটগুলোও ভাগাভাগি করে নেন হেরাথ আর কুলাসেকেরা। কামরান আকমলকে (৬) লেগবিফোরের ফাঁদে ফেলেন কুলাসেকেরা আর শোয়েব মালিককে (৩) বোল্ড করে দেন হেরাথ। টেলএন্ডার আব্দুর রউফকে (০) কুলাসেকেরা এবং উমর গুলকে (২) হেরাথ লেগবিফোরের ফাঁদে ফেললে ৩২০ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়। ১৭১ রানের টার্গেট তাড়া করার জন্য দুুদিনেরও বেশি সময় হাতে থাকলেও শ্রীলঙ্কা রয়েসয়ে খেলার দিকে যায়নি। তৃতীয় দিনের শেষ সেশনেই জয় তুলে নেয় তারা। মাত্র ৩১.৫ ওভারে লংকানরা ১৭১ রান তুলে নেয় রীতিমতো টোয়েন্টি-টোয়েন্টি স্টাইলে। ওপেনার পারানাভিতানা ১৭ রানে সৈয়দ আজমলের বলে বোল্ড হয়ে গেলেও ওয়ার্নাপুরা ৫৬ বলে ৫৪ রানের দুরন্ত ইনিংস উপহার দেন। তাকে ফেরান আব্দুর রউফ। একইভাবে মেরে খেলেন ওয়ানডাউনে নামা অধিনায়ক কুমার সাঙ্গাকারাও। তিনি ৬৪ বল খেলে ৪৬ রান করে আউট হন শোয়েব মালিকের বলে মিসবাহর তালুবন্দি হয়ে। ততক্ষণে শ্রীলঙ্কা জয়ের কাছাকাছি চলে গেছে। ৩ উইকেটে ১৬০ । এরপর আর কোনও বিপত্তি না ঘটতে দিয়ে বাকি ১১ রান সংগ্রহ করেন জয়াবর্ধনে (৩৭*) এবং সামারাবীরা (৬*)। সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান: ৯০ এবং ৩২০ (ফাওয়াদ ১৬৮, ইউনিস ৮২; কুলাসেকেরা ৩৭/৪, হেরাথ ৯৯/৫) শ্রীলঙ্কা: ২৪০ ও ১৭১ (ওয়ার্নাপুরা ৫৬, সাঙ্গাকারা ৪৬, জয়াবর্ধনে ৩৭*; রউফ ১৪/১, শোয়েব ১৩/১) ফলাফল: শ্রীলঙ্কা ৭ উইকেটে জয়ী ম্যান অব দ্য ম্যাচ: ফাওয়াদ আলম (পাকিস্তান) এবং কুলাসেকেরা (শ্রীলঙ্কা) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এসকে/২৩১৫ঘ.