কিংস্টন, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিদেশের মাটিতে প্রথম টেস্ট জিতল বাংলাদেশ।
কিংস্টন টেস্টে স্বাগতিকদের ৯৫ রানে হারিয়েছে টাইগাররা। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন সেঞ্চুরিয়ান তামিম ইকবাল।
২০০৫ সালে দেশের মাটিতে জিম্বাবুয়েকে হারানোর পর এটাই বাংলাদেশের প্রথম টেস্ট জয়।
সাকিব আল হাসান এবং ডেব্যুটেন্ট মাহমুদ উল্লাহ রিয়াদের স্পিন ঘূর্ণির সামনে শেষ পর্যন্ত আর টিকে থাকতে পারেনি উইন্ডিজ ব্যাটসম্যানরা। যদিও অলরাউন্ডার ডেভিড বার্নার্ড মাটি কামড়ে পড়ে ছিলেন অন্তত ম্যাচ ড্র করার জন্য। কিন্তু ১৩৬ বল খেলে ৫২ রানে এক প্রান্ত আগলে রাখলেও অন্য প্রান্তের ধস ঠেকাতে পারেননি তিনি। আর্নস ভ্যালির শেষ বিকেলে শেষ ব্যাটসম্যান টিনো বেস্টকে সাকিব আল হাসান লেগ বিফোরের ফাঁদে ফেললে ১০ ওভার হাতে রেখেই স্মরণীয় ম্যাচ জিতে টাইগাররা।
সাকিবের ওই ফুলটস বেস্টের ব্যাটকে ফাঁকি দিয়ে পায়ে আঘাত করে। মনে হচ্ছিল বলটি বোধহয় বেস্টের ব্যাট ছুঁয়েই পায়ে আঘাত করেছে। কিন্তু আম্পায়ার সাকিবের আবেদনে আঙ্গুল উঁচিয়ে ধরলে আনন্দে মাতোয়ারা হয়ে পড়ে টাইগাররা।
সাজঘর থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠে পতাকা হাতে প্রবেশ করেন আহত টাইগার অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজা। যোগ দেন বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে।
সাগরপাড়ের কিংস্টন স্টেডিয়ামটি ছিল যেন উপমহাদেশেরই কোনও স্টেডিয়াম। এর প্রকৃতি অনেকটাই উপমহাদেশের সঙ্গে মিলে যায়। স্পিনার সহায়ক উইকেটে প্রায় এক প্রান্তে নিয়মিতই বল করেছেন সাকিব আল হাসান। তার প্রতিটি ডেলিভারি উইন্ডিজ ব্যাটসম্যানদের মনে কাঁপন ধরিয়েছে। অন্য প্রান্তে তারই সুযোগ নিয়েছেন ডেব্যুটেন্ট রিয়াদ।
শাহাদাত হোসেন এবং ডেব্যুটেন্ট রুবেল হোসেনও চেষ্টা চালিয়েছেন উইন্ডিজ শিবিরে আঘাত হানতে। কিন্তু তাদের পেস আক্রমণ অনেকটাই মুখ থুবড়ে পড়ে।
শেষ সেশনে বার্নার্ড সঙ্গী হিসাবে পেয়ে যান নিকিতা মিলারকে। বাংলাদেশ শিবিরে ক্রমশই হতাশা জাগিয়ে তোলে এ জুটি। গত দু'দিন আগের কার্ডিফ স্মৃতিকে তারা জাগিয়ে তোলেন। যেখানে স্বাগতিক ইংল্যান্ডকে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের হার থেকে রক্ষা করেন তাদের শেষ দুই ব্যাটসম্যান। কিন্তু কিংস্টনকে কার্ডিফ বনতে দেননি বাংলাদেশের সদ্য সাবেক হওয়া অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। যখন মিলার-বার্নার্ড জুটি ভাঙ্গতে শাহাদাত-রুবেল, রিয়াদ এমনকি ভারপ্রাপ্ত অধিনায়ক সাকিব নিজে পর্যন্ত ব্যর্থ, তখনই অকেশনাল অফ ব্রেক বোলার আশরাফুলের ডাক পড়ে।
দুই ইনিংসে ব্যর্থ এ ব্যাটসম্যান নিজের প্রয়োজনীয়তা প্রমাণ করেন মিলারকে উইকেটের পেছনের ক্যাচ বানিয়ে। মিলার ৫৪ বল লড়ে বাংলাদেশের জয়টাকে দীর্ঘায়িত করেছেন নিঃসন্দেহে।
এরপর রায়ান অস্টিনও মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ান। চমৎকারভাবে সেও বাংলাদেশের বোলিং আক্রমণ মোকাবিলা করে জয়টাকে ক্রমশই বাংলাদেশের হাতের বাইরে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু রিয়াদ তাকে আর আগ বাড়াতে দেননি। ফাঁদে ফেলে তুলে নেন তাকে। এরপর রিয়াদ কেমার রোচকে তুলে নিলে জয়বার্তায় শেষ তুলি ছোঁয়ান সাকিব আল হাসান, টিনো বেস্টকে তুলে নিয়ে।
তবে বলতেই হবে একপ্রান্তে মাটি কামড়ে আকড়ে ছিলেন বার্নার্ড। চাপের মুখে দারুণ ব্যাট করা স্টাইলিশ এ উইন্ডিজ ব্যাটসম্যানের সঙ্গে বাংলাদেশের সেরা বোলার সাকিব আল হাসানের লড়াইটি ছিল দর্শনীয়। বার্নার্ডকে আউট করতে প্রান্ত বদলিয়ে, কখনো রাউন্ড দ্য উইকেটে এসেও এ উইন্ডিজ ব্যাটসম্যানের মনোযোগ টলাতে পারেননি সাকিব।
তবে তাতে জয় থেমে থাকেনি বাংলাদেশের। সাকিব তার নিজের প্রথম ওভারেই গত ইনিংসের সেরা উইন্ডিজ ব্যাটসম্যান ওমর ফিলিপসকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন, ফিলিপস তাকে স্যুইপ করতে গেলে। পরে ড্যারেন সামি এবং বার্নার্ড জুটি যখন ১১.৩ ওভারে ৩৭ রান করে ফেলেছিল, তখন সাকিব সামিকে ফিরিয়ে দিয়ে রানগতি থামান।
শুধু তাই নয়, যখন কোনও উইকেট পাচ্ছিলেন না, তখনও তিনি প্রতিপক্ষের ওপর চাপ বজায় রাখতে ভোলেননি। উইন্ডিজ ব্যাটসম্যানদের রাশ টেনে ধরতে তিনি ছিলেন সিদ্ধহস্ত। তার এই একপ্রান্তে চাপ বজায় রাখা অন্য প্রান্তে রিয়াদকে সাহায্য করেছে টপাটপ উইকেট তুলে নিতে। এক্ষেত্রে সঠিক এরিয়ায় বল ফেলার সাধারণ কৌশলটিই অবলম্বন করেছিলেন স্পিনার রিয়াদ। তাতে তিনি লাঞ্চের আগেই তিন তিনটি উইকেট ঝুলিতে পোরেন, বাকি দুটি লাঞ্চের পর তুলে নেন।
তবে শুরুটা দুরন্ত শুরু করেছিল স্বাগতিকরা। পঞ্চম দিনে ৩২১ রানে ৫ উইকেট হাতে নিয়ে দিন শুরু করা বাংলাদেশ মাত্র ৪০ মিনিটেই ফুরিয়ে যায়। মাত্র ২৪ রান যোগ করতেই বাংলাদেশের সব ব্যাটসম্যানই সাজঘরে ফেরেন। ফলে উইন্ডিজদের জন্য ৮০ ওভারে ২৭৭ রানের টার্গেট জোটে।
জবাব দিতে নেমেই পিটিয়ে খেলা শুরু করেন উইন্ডিজ ওপেনাররা। মাত্র ২ ওভারেই তারা ২০ রান তুলে ফেললে কপালে ভাজ পড়তে দেরি হয়নি বাংলাদেশ বোলারদের। তবে ভাগ্য ভালো শাহাদাতের এক দারুণ ডেলিভারিতে ওপেনার ডেল রিচার্ডসের বিপক্ষে এলবিডাব্লুর আবেদনে আম্পায়ার সাড়া না দিলেও বোকার মতো রানআউট হয়ে যান তিনি।
রিচার্ডস যখন আম্পায়ারের সিদ্ধান্তের পানে তাকিয়ে আছেন, ঠিক তখনই স্লিপে দাঁড়ানো ফিল্ডার রাকিবুল হাসানের থ্রোতে ভেঙ্গে যায় স্ট্যাম্প। রিচার্ডস অবশ্য ফেরার চেষ্টা করেছিলেন, কিন্তু তার আগেই বেল পড়ে যায়। সেখান থেকে আর বেরিয়ে আসতে পারেনি স্বাগতিকরা। একের পর এক উইকেট পড়ে যাওয়ায় দ্বিতীয় সারির এ উইন্ডিজ দলটি পরাজয় মানতে বাধ্য হয়।
শেষমেশ বাংলাদেশ ৯৫ রানের এক অবিস্মরণীয় জয় কাড়ে। দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাট করে শতরান করা টাইগার ব্যাটসম্যান তামিম ইকবাল ম্যান অব দ্য ম্যাচ হন।
সংক্ষিপ্ত স্কোর: ২৩৮ ও ৩৪৫(তামিম ১২৮, জুনায়েদ ৭৮, মুশফিক ৩৭; স্যামি ৭০/৫, রোচ ৬৭/৩)
ওয়েস্ট ইন্ডিজ: ৩০৭ ও ১৮১(বার্নার্ড ৫২*, ডাউলিন ১৯, স্যামি ১৯; রিয়াদ ৫১/৫, সাকিব ৩৯/৩. আশরাফুল ৪/১)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এমআই/১২৫১ ঘ.
bdnews24