ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলম্বো টেস্টের প্রথম দিনটি যদি শ্রীলংকার হয়, তবে দ্বিতীয় দিন পাকিস্তারেন। ফাওয়াদ আলমের অভিষেক সেঞ্চুরিতে বোলিংয়ের পর ব্যাটিংয়েও ঘুরে দাঁড়িয়েছে তারা।
সোমবার (দ্বিতীয় দিন) দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ১৭৮ রান তুলেছে পাকিস্তান।
ফাওয়াদ আলম ১০২ এবং অধিনায়ক ইউনুস খান ৩৫ রানে অপরাজিত থাকলেও আউট হয়েছেন ওপেনার খুররম মঞ্জুর (৩৮ রান)।
এর আগে পাক বোলারদের তোপের মুখে স্বাগতিক দল অল-আউট হয় ২৪০ রানে। প্রথম ইনিংসে ১৫০ রানে এগিয়ে আছে শ্রীলংকা।
নিভে যাওয়ার পর আবার দপ করে জ্বলে ওঠার ঘটনা অবশ্য পাকিস্তান ক্রিকেট দলের জন্য নতুন কিছু নয়।
রোববার দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৯০ রানে অল-আউট হয়ে বোলিংয়েও নাকাল হওয়া পাকিস্তানই সোমবার তটস্থ করে তোলে স্বাগতিক ব্যাটম্যানদের।
ওমর গুল আর সাঈদ আজমলের বোলিং তোপে শ্রীলংকার ইনিংস গুটিয়ে যায় ২৪০ রানে। দ্বিতীয় দিন ৭৬ রান তুলতেই সাত উইকেট হারায় তারা।
অথচ পাকিস্তানকে ৯০ রানে আটকে দিয়ে প্রথম দিন কি দাপটের সাথেই না খেলেছেন লংকান ব্যাটসম্যানরা। তিন উইকেট হারালেও অধিনায়ক সাঙ্গাকারার অপরাজিত ৮১ রানের কল্যাণে দিন শেষে শ্রীলংকার সংগ্রহে জমা হয় ১৬৪ রান।
কে জানতো নতুন দিনে শ্রীলংকার জন্য দুর্ভোগের ডালি সাজিয়ে অপেক্ষা করছে পাকিস্তান? আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান সামারাভিরা স্বমহিমায় খেলতে গেলেই ঘটে বিপত্তি। ১৩ রান যোগ হতে রান আউট হন সামারাভিরা। মিডঅনে বল ঠেলে প্রান্তবদলের সময় আমেরের থ্রো সরাসরি উপড়ে দেয় স্ট্যাম্প। তার ব্যাট থেকে আসে ২১ রান।
সেঞ্চুরি হাতছানি দিলেও শেষ পর্যন্ত কপালে তা জোটেনি সাঙ্গাকারার। ব্যক্তিগত ৮৭ রানে ওমর গুলের বলে সরাসরি বোল্ড হন লংকান দলপতি।
শ্রীলংকার সংগ্রহ তখন ১৮৮। এরপরই ওমর গুলের রিভার্স সুইং আর সাঈদ আজমলের ঘূর্ণিতে ব্যাটসম্যানদের নাভিশ্বাস ওঠে। লাঞ্চের আগে আরো তিন ব্যাটসম্যানের পতন হয়। দিলশানকে ২০ রানে ক্যাচ বানান আজমল। গুলের শিকার হন কুলাসেকারা (১১ ০ রান) ও রঙ্গনা হেরাথ (০ রান)।
সাত উইকেটে ২২৬ রান তুলে লাঞ্চে যায় শ্রীলংকা। ফিরে এসে এক রান যোগ হলে থুশারাকে এলবিডব্লিউ'র ফাঁদে ফেলেন আব্দুর রৌফ। শেষ জুটিতে বাকি ১৩ রান পায় শ্রীলংকা। ম্যাথুসকে (২৭ রান) আউট করে লংকান ইনিংসের কফিনে শেষ পেরেক ঠোকেন সাঈদ আজমল। ১৮ ওভারে ৪৩ রান খরচ করে ৪ উইকেট নিয়েছেন পেসার ওমর গুল। ৩১ ওভারে ৮৪ রান দিয়ে ৪ উইকেট নেন সাঈদ আজমল।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলংকা ২৪০ (সাঙ্গাকারা ৮৭, পারানাভিতানা ২৬, ম্যাথুস ২৭, ওমর গুল ৪, সাঈদ আজমল ৪)
পাকিস্তান ৯০ ও ১৭৮/১ (দ্বিতীয় ইনিংস-ফাওয়াদ আলম ১০২*, ইউনুস খান৩৫*, খুররম মাঞ্জুর ৩৮)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসকে/২০৪২ঘ.
bdnews24