২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়াকে বোকা বানালো ইংল্যান্ড- টেস্ট ড্র

শেষ জুটির কল্যাণে অবশেষে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট ড্র করলো ইংল্যান্ড। কলিংউডের বিদায়ের পর শেষ উইকেটে জেমস এন্ডারসন ও মন্টি পানেসার ১১ ওভার তিন বল খেলে অস্ট্রেলিয়াকে হতাশায় ডোবান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2009, 02:18 PM

Updated : 26 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেষ জুটির কল্যাণে অবশেষে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট ড্র করলো ইংল্যান্ড। কলিংউডের বিদায়ের পর শেষ উইকেটে জেমস এন্ডারসন ও মন্টি পানেসার ১১ ওভার তিন বল খেলে অস্ট্রেলিয়াকে হতাশায় ডোবান। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ ৯ উইকেটে ২৫২ রান। নাটকীয় এমন ড্র ম্যাচে বলতে গেলে জয় হয়েছে ইংল্যান্ডেরই। ইনিংস ব্যবধানে পরাজয় যেখানে অবধারিত ছিল, সেই ম্যাচ ড্র কী জয়ের চেয়ে কম কিছু ! দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারছিলো না ইংল্যান্ড। রোববার চা বিরতির আগে তাদের সংগ্রহ ছিল সাত উইকেটে ১৫৯ রান। এমন অবস্থায় ইনিংস ব্যবধানে পরাজয় ঠেকানো দুঃসাধ্য হয়ে দাঁড়ায়। তারপরও ইংলিশদের ভরসার জায়গা ছিলেন পল কলিংউড। তখনো লেজের ব্যাটম্যানদের নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছিলেন তিনি। সে চেষ্টায় বাদ সাধেন অসি বোলাররা। সিডলের বলে ক্যাচ তুলে কলিংউড ধরা পড়েন হাসির হাতে। এর আগে ২৪৫ বলে ইনিংস সেরা ৭৪ রান আসে তার ব্যাট থেকেই। বড় বিষয় পৌঁনে চার ঘন্টা উইকেটে থেকেছেন কলিংউড। ইংলিশদের ব্যাটিংয়ে ধ্বস ঠেকাতে তার এই চেষ্টার প্রশংসা করতেই হয়। নবম ব্যাটসম্যান হিসেবে কলিংউড যখন আউট হন, দলের সংগ্রহ তখন ২৩৩। ইনিংস পরাজয় এড়াতে শেষ উইকেটে ইংলিশদের দরকার সাত রান। সেখানে জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল এক উইকেট। দিনের খেলা বাকি ছিল তখন ১১ ওভার তিন বল। এন্ডারসন আর পানেসার জীবনের সেরা সময় কাটালেন উইকেটে। অসি বোলারদের কোন সুযোগ না দিয়ে পঞ্চম দিনের শেষ বলটি খেলে দলকে লজ্জার হাত থেকে বাঁচায় শেষ জুটি। এন্ডারসনের ব্যাট থেকে আসে ২১ রান। ৩৫ বল খেলে ৭ রান করেন পানেসার। পরাজয় ঠেকাতে জিপি সোয়ানের অবদানও কম নয়। শেষ দিকে ব্যাট করতে নেমে তিনি করেন ৩১ রান। ড্র মেনেই বিরস মুখে মাঠ ছাড়তে হয় অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের। তারা কি একবারও ভেবেছিলেন এমন কাণ্ড করে বসবে শেষ ইংলিশ জুটি। নিশ্চিত জয় হাত ফসকে বেরিয়ে যাওয়ায় অসি অধিনায়ক পন্টিংয়ের কী যন্ত্রনায় পুড়ছেন তা বুঝতে কষ্ট হয় না। এমন দিনে ম্যাচ সেরার পুরস্কার জেতাও কতটাই বা আনন্দের! শনিবার চতুর্থ দিনের শেষ বেলায় ব্যাট করতে নেমেই হোঁচট খায় ইংল্যান্ড। ২০ রান তুলতে খুইয়ে বসে দুই উইকেট। পঞ্চম দিন সকালটাও শুভ হয়নি ইংলিশ ব্যাটসম্যানদের জন্য। পিটারসেন এবং এন্ড্রু স্ট্রাউস একটু একটু করে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। অসি পেসার হিলফেনহাসের বলে সরাসরি বোল্ড হয়ে ৮ রান নিয়ে ফিরতে হয় পিটারসেনকে। স্পিনার হরিতজের শিকার হয়ে দলকে বিপদের মুখেই ঠেলে দেন অধিনায়ক স্ট্রাউস। ইংল্যান্ডের সংগ্রহ তখন চার উইকেটে ৪৩ রান। হাতে ছয় উইকেট থাকলেও ভরসা পাওয়ার মত কোন ব্যাটিংই দেখাতে পারছিলো না ইংল্যান্ড। কারণ প্রতিপক্ষের বোলারদের দাপট। পেস কিংবা স্পিন দুই ধরণের বোলিংয়েই তারা ভয়ংকর হয়ে ওঠে ইনিংসের শুরু থেকেই। ফলে প্রায়র (১৪ রান), ফ্লিনটফ (২৬ রান) বোপরাদের মত (১৪ রান) প্রতিষ্ঠিত ব্যাটসম্যানের পক্ষেও বড় ইনিংস খেলা সম্ভব হয়নি। এর আগে অস্ট্রেলিয়া চার সেঞ্চুরি মিলিয়ে ইংলিশদের শুধু রানের পাহাড়ের নিচে চাপাই দেয়নি, ছোট-খাটো রেকর্ডের দখলও নিয়েছে। ৬৭৪ রান টেস্ট ইতিহাসে নিজেদের সর্বোচ্চ ইনিংসগুলোর একটি। টেস্টের এক ইনিংসে পাঁচবার এর চেয়ে বেশি রান করতে পেরেছে অস্ট্রেলিয়া। আর ইংলিশদের বিপক্ষে চতুর্থ সর্বোচ্চ স্কোর। অস্ট্রেলিয়ার সায়মন ক্যাটিচ (১২২ রান) রিকি পন্টিং (১৫০ রান), নর্থ (১২৫* রান) ও হাডিন (১২১ রান) সেঞ্চুরি করেন। ইংল্যান্ড প্রথম ইনিংসে তুলেছিল ৪৩৫ রান। জবাবে অস্ট্রেলিয়া ৬৭৪/৬ করে ইনিংস ঘোষণা করে। সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড ৪৩৫ ও ২৫২/৯ ( দ্বিতীয় ইনিংস-কলিংউড ৭৪, হিলফেনহাস ৪৭/৩, হরিতজ ৬৩/৩) অস্ট্রেলিয়া ৬৭৪/৬ (সায়মন ক্যাটিচ ১২২, রিকি পন্টিং ১৫০, নর্থ ১২৫* ও হাডিন ১২১) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এমআই/এসকে/২০২৭ ঘ.