ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/)-- লঙ্কান বোলারদের তোপে পড়ে কলম্বোর ২য় টেস্টের সূচনা দিনে মাত্র ৯০ রানেই গুটিয়ে গেছে পাকিস্তানের প্রথম ইনিংস।
টসে জিতে ব্যাটিয়ংয়ে নামা পাক টপঅর্ডারকে গুঁড়িয়ে দেন নুয়ান কুলাসেকেরা। একাই চারটি উইকেট নেন তিনি। কম যায়নি তার বাকি সতীর্থরাও।
ইনিংসের তৃতীয় ওভারেই কুলাসেকেরা পাক ওপেনার খুররম মঞ্জুরকে উইকেটকিপার দিলশানের ক্যাচ বানিয়ে শুরু করেন তার শিকার। দলীয় রান তখন মাত্র ৪।
এর পরের ওভারের প্রথম বলেই পাক অধিনায়ক ইউনিস খানকে বোল্ড করেন থুসারা। পাকিস্তানের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ৬। এরপরের ওভারে আবার আঘাত হানেন কুলাসেকেরা। এবার তিনি তুলে নেন পাকিস্তানের সেরা ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফকে। পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ১৭।
ইনিংসের সপ্তম ওভারে মিসবাউল হককে উইকেটকিপার দিলশানের ক্যাচ বানান কুলাসেকেরা। পাকিস্তান তখন ৪ উইকেটে ১৯।
এমন দশা কাটিয়ে উঠতে দলে নতুন ঢোকা ওপেনার ফাওয়াদ আলম(১৬) চেষ্টা চালান শোয়েব মালিককে নিয়ে। কিন্তু দলীয় ৫১ রানের মাথায় ফাওয়াদকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন লঙ্কান পেসার ম্যাথুস।
এরপর শুরু হয় পাক ব্যাটসম্যানদের আবারও যাওয়া আসা। শোয়েব মালিক(৩৯*) এক প্রান্ত আগলে রাখলেও অন্য প্রান্তে কেউই দাঁড়াতে পারেননি কিংবা তাদের দাঁড়াতে দেয়নি লঙ্কান বোলাররা।
উইকেট কিপার কামরান আকমলকে(৯) তুলে নেন থুসারা। আর কুলাসেকেরা তুলে নেন আব্দুর রউফকে(০)। শেষদিকে মেন্ডিস এসে তুলে নেন তিন বোলার উমর গুল(১), মোহাম্মদ আমের (২) এবং সৈয়দ আজমলকে(০)।
ফলে লাঞ্চের পর ফিরে এসে খুব বেশিক্ষণ ব্যাট করতে পারেনি পাকিস্তান। ৯০ রানেই তাদের প্রথম ইনিংস শেষ হয়ে যায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলঙ্কা বিনা উইকেটে ১০ রান করেছে।
এর আগে গলের প্রথম টেস্ট হেরে তিন ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে পাকিস্তান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এমআই/১৫৫০ ঘ.
bdnews24