২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোলাররা খেলায় ফেরাল বাংলাদেশকে

কিংস্টন টেস্টে বড় ইনিংসের দিকে এগিয়ে যাওয়া ওয়েস্ট ইন্ডিজকে শেষ পর্যন্ত ৩০৭ রানে আটকে দিয়েছে বাংলাদেশের বোলাররা। এখন দায়িত্ব ব্যাটসম্যানদের বড় রানের ইনিংস গড়া। এ লক্ষ্য নিয়েই রোববার টেস্টের চতুর্থ দিন ব্যাট হাতে নামছে দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2009, 07:08 AM

Updated : 26 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিংস্টন টেস্টে বড় ইনিংসের দিকে এগিয়ে যাওয়া ওয়েস্ট ইন্ডিজকে শেষ পর্যন্ত ৩০৭ রানে আটকে দিয়েছে বাংলাদেশের বোলাররা। এখন দায়িত্ব ব্যাটসম্যানদের বড় রানের ইনিংস গড়া। এ লক্ষ্য নিয়েই রোববার টেস্টের চতুর্থ দিন ব্যাট হাতে নামছে দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ২৩৮ রান। অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ ৬৯ রানের লিড নেয়। তাদের ইনিংস শেষে দুই ওপেনার শনিবার অবিচ্ছন্ন থেকেই ২৬ রান তুলে তৃতীয় দিন শেষ করে। এক্ষেত্রে তামিমের অবদান ১১ রান, ইমরুল করেছেন ১৪ রান। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এখনও ৪৩ রান পেছনে টাইগাররা। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ওমর ফিলিপস (৯৪), ডেভিড বার্নার্ড (৫৩) এবং ড্যারেন সামি (৪৮) দুরন্ত খেলে ৬৯ রানের লিড এনে দিলেও শেষ বিকেলে পিচে স্পিন ধরায় বাংলাদেশী স্পিনাররা সাফল্য পায়। ১ উইকেটে ১৭ রানে ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় দিন শুরু করার পর সবাই ধারণা করেছিল, খেলায় বাংলাদেশ ঠিকই ফিরে আসবে। কারণ বাংলাদেশের স্পিন আক্রমণ। বিশেষ করে স্পিনার সাকিব আল হাসানের স্পিন আর বাউন্স। সবই ঠিক ছিল। সাকিব স্পিন বাউন্স দুটোই পাচ্ছিলেন। কিন্তু মূল মুশকিল ছিল বল খুব স্লো আসছিল। ফলে গত দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান ফিলিপস এবং নাইটওয়াচম্যান রায়ান অস্টিন বেশ ভালোভাবেই তা মোকাবিলা করছিলেন। দিনের শুরুতে অধিনায়ক মাশরাফি যখন আহত হয়ে মাঠ ছেড়ে গেলে বাংলাদেশের বোলিং বিরাট এক ধাক্কা খায়। পেস আক্রমণের পুরো ভার বর্তায় শাহাদাত হোসেন এবং ডেব্যুটেন্ট রুবেল হোসেনের ওপর। শাহাদাত খুব ভালো না করলেও রুবেল পুরনো বলে জ্বলে ওঠেন। সেই সঙ্গে জ্বলে ওঠেন ডেবুটেন্ট অফস্পিনার মাহমুদউল্লাহ রিয়াদও। তবে উইন্ডিজ ব্যাটসম্যান ফিলিপস নাইটওয়াচম্যান অস্টিনকে নিয়ে ধীরে ধীরে রানের চাকা সামনের দিকে নিয়ে যান। এই জুটি যখন স্কোর বোর্ডে ৯৪ রান তুলেছে তখনই পেসার রুবেল প্রথম আঘাত হানেন। তার এক ডেলিভারিতে অস্টিন ইমরুল কায়েসের হাতে ক্যাচ তুলে দিতে বাধ্য হন। এরপর ফিলিপসের সঙ্গে ডাউলিন কার্যকর জুটি গড়ে তোলে। ওয়েস্ট ইন্ডিজ লাঞ্চে যায় ২ উইকেটে ১৩৬ রানে। লাঞ্চের পর উইন্ডিজ শিবিরে আঘাত করেন সাকিব আল হাসান। তিনি লেগ বিফোরের ফাঁদে ফেলে ডাউলিনকে ফেরান ব্যক্তিগত ২২ রানে। ওয়েস্ট ইন্ডিজ তখন ৩ উইকেটে ১৪২। এরপর অধিনায়ক রেইফারকে নিয়ে জুটি গড়ে তোলার চেষ্টা করেন ফিলিপস। কিন্তু তিনি নিজেই বেশিক্ষণ টিকতে পারেননি। ডেব্যু টেস্টে মাত্র ৬ রানের জন্য তিনি সেঞ্চুরি বঞ্চিত হন। তাকে ফেরান রুবেল হোসেন। বার্নার্ডকে নিয়ে নতুন করে ইনিংস সারাইয়ে নামেন অধিনায়ক রেইফার। এ জুটি ৫১ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। কিন্তু রেইফারকে ফিরিয়ে দেন মাহমুদউল্লাহ। এরপরের বলেই তিনি উইকেটকিপার ব্যাটসম্যান ওয়ালটনকে ০ রানে একইভাবে সাকিব আল হাসানের দ্বিতীয় স্লিপের ক্যাচ বানিয়ে বিদায় করলে হ্যাট্রিক সম্ভাবনা জেগে ওঠে তার। ওয়েস্ট ইন্ডিজের দলীয় রান তখন ৬ উইকেটে ২২৭। রিয়াদের হ্যাট্রিক পূর্ণ না হলেও এটা অন্তত নিশ্চিত হয়ে যায় যে ওয়েস্ট ইন্ডিজ আর বেশিদূর যেতে পারবে না। কিন্তু বার্নার্ড ড্যারেন সামিকে নিয়ে দারুণ এক জুটি গড়ে তোলেন। বার্নাডের হাফসেঞ্চুরি আর সামির ৪৮ রানের দুরন্ত ইনিংস স্বাগতিকদের লিড এনে দেওয়ার পাশাপাশি তাদের রান ৩০০ অতিক্রমে প্রধান ভূমিকা রাখে। তবে ক্রমেই ভয়ঙ্কর হয়ে ওঠা বার্নার্ডকে ফেরান শাহাদাত হোসেন। আর শেষ ব্যাটসম্যান হিসাবে সামিকে বোল্ড করে দেন রিয়াদ। ফলে ৩০৭ রানেই থেমে যায় উইন্ডিজ ইনিংস। সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ: ২৩৮ এবং ২৬/০(তামিম ১১*, ইমরুল ১৪*) ওয়েস্ট ইন্ডিজ: ৩০৭(ফিলিপস ৯৪, বার্নার্ড ৫৩, সামি ৪৮; রিয়াদ ৫৯/৩, রুবেল ৭৬/৩, সাকিব ৭৬/২) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এমআই/১৩১৫ ঘ.