২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের রান টপকে অস্ট্রেলিয়া ৪৫৮/৪

টেস্ট রেটিং-এ বিশ্বের এক নম্বর দল অস্ট্রেলিয়া খেলছে এক নম্বর দলের মতোই। চা-বিরতির আগেই ইংল্যান্ডের ৪৩৫ রান টপকে যায় তারা। প্রথম টেস্টের তৃতীয় দিন শুক্রবার দ্বিতীয় সেশনে রানের বন্যা বইয়ে দিয়ে চা-বিরতি পর্যন্ত অজিরা রান তোলে ৪৫৮। উইকেট হারিয়েছে চারটি। এর মধ্যে তিনটিই হারিয়েছে সকালের সেশনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2009, 08:00 PM

Updated : 26 Aug 2022, 11:43 AM

কার্ডিফ, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - টেস্ট রেটিং-এ বিশ্বের এক নম্বর দল অস্ট্রেলিয়া খেলছে এক নম্বর দলের মতোই। চা-বিরতির আগেই ইংল্যান্ডের ৪৩৫ রান টপকে যায় তারা। প্রথম টেস্টের তৃতীয় দিন শুক্রবার দ্বিতীয় সেশনে রানের বন্যা বইয়ে দিয়ে চা-বিরতি পর্যন্ত অজিরা রান তোলে ৪৫৮। উইকেট হারিয়েছে চারটি। এর মধ্যে তিনটিই হারিয়েছে সকালের সেশনে। মাইকেল ক্লার্ক চমৎকার ব্যাট করে চা-বিরতি পর্যন্ত ৭০ রানে অপরাজিত রয়েছেন। তার ইনিংসে রয়েছে চোখ ঝলসানো কিছু শট। তাকে যথার্থ সঙ্গ দেন মার্কাস নর্থ। চা-বিরতির আগে আগে অর্ধ শতক হাঁকিয়ে নর্থ তার অ্যাশেজ অভিষেককে স্মরণীয় করে রাখেন। স্টুয়ার্ট ব্রডকে এক্সট্রা কভার দিয়ে সীমানার বাইরে পাঠানোর পরপর ক্লার্ক হাওয়ায় ভাসিয়ে মন্টি পানেসারকে দড়ির ওপারে পাঠান লং অফ দিয়ে। সেই সঙ্গে পূর্ণ করেন ৫০ রানের পার্টনারশিপ। গ্রায়েম সোয়ানকে ড্রাইভ করে মাঠের বাইরে পাঠিয়ে ক্লার্ক তার অর্ধ শতক পূর্ণ করেন। আর অ্যান্ড্রু ফ্লিনটফকে মিড উইকেট দিয়ে সীমানার বাইরে পাঠিয়ে টপকে যান ইংল্যান্ডের রান। এদিকে নর্থ পানেসারকে সুইপ করে চার মারেন। সোয়ানকে স্কোয়ার কাট ও সুইপ করে আরও কয়েকটি বাউন্ডারি মারেন তিনি। এর মধ্যে পানেসারের বলে সুইপ করতে গিয়ে টাইমিং-এ দু'বার গোলমাল করে ফেলেন। তবে বল গিয়ে পড়ে ফাইন লেগ অঞ্চলের নো-ম্যানসল্যান্ডে। বেঁচে যান তিনি। ভারত ও ওয়েস্ট ইন্ডিজে চমৎকার বোলিং করায় ইংল্যান্ড দলে জায়গা পান সোয়ান। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে এই অফ স্পিনারের ভাগ্য নিতান্তই খারাপ। ২৮ ওভার বল করে ৮৬ রান দিয়েছেন। এখনো কোন উইকেট পাননি। অথচ এর আগের দিন প্রথম পাঁচটি ওভারই ছিল তার মেইডেন। মধ্যাহ্ন বিরতির আগে আগে নতুন বল হাতে নিয়েই রুদ্রমূর্তি ধারণ করেন জেমস অ্যান্ডারসন। ১৪ বলের মধ্যে তুলে নেন সাইমন ক্যাটিচ (১২২) ও মাইকেল হাসির (৩) উইকেট। দলনায়ক রিকি পন্টিং আউট হন ব্যক্তিগত ঠিক ১৫০ রানের মাথায়। মন্টি পানেসারকে মারতে গিয়ে ব্যাটের কোণায় লাগে বল। আর বল গিয়ে ভেঙে ফেলে পন্টিং-এর স্ট্যাম্প। এই পন্টিং ও ক্যাটিচের পার্টনারশিপই ম্যাচের পাল্লাকে টেনে আনে অজিদের পক্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২৩০০ ঘ. ‎‎