ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ ক্রিকেট দল পাঁচ ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজ খেলতে জিম্বাবুইয়ে যাচ্ছে আগামী মাসে।
বহুদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে না জিম্বাবুইয়ে। তাই সিরিজ জিততে বদ্ধপরিকর তারা।
বাংলাদেশের বিপক্ষে সিরিজ 'অবশ্যই জিততে হবে' বলে জোরদিয়ে বলেন জিম্বাবুইয়ের কোচ ওয়াল্টার চাওয়াগুতা। তিনি বলেন, "৩০ ক্রিকেটারকে নিয়ে আমরা প্রশিক্ষণ ক্যাম্প করছি। এতে জিম্বাবুইয়ে-এ দলের ক্রিকেটাররাও আছেন।
তারা বাংলাদেশের বিপক্ষে অনুশীলন ম্যাচ খেলবে খেলবে বলে তিনি জানান।
ওয়াল্টার চাওয়াগুতা বলেন, "আমরা অনেকদিন ধরে ক্রিকেটে নেই। তাই আমরা নতুন করে সব কিছু করার চেষ্টা করছি।"
"প্রাথমিকভাবে বেশিরভাগ সময় আমরা ক্রিকেটের মূল বিষয়গুলো নিয়ে কাজ করেছি। আগামী সপ্তাহগুলোতে নেট প্র্যাকটিস করবো," বলেন তিনি।
জিম্বাবুইয়ের অধিনায়ক প্রসপার উৎসেয়া অবশ্য বাংলাদেশের কাছে বেশ কয়েকবার পরাজিত হওয়ার কথা স্বীকার করেছেন।
তবে সেই সঙ্গে তিনি বলেন,"আমাদের আসলে জয়ের একটা অভ্যাস গড়ে তোলা দরকার। এটা শেখানো যায় না কিংবা অনুশীলন করে পাওয়া যায় না। দলের ছেলেদের মধ্যে অনেক বেশি জয়ের ক্ষুধা থাকতে হবে। তাহলেই তারা ভালো খেলার অনুপ্রেরণা বোধ করবে।"
সিরিজের পাঁচটি ম্যাচেই হবে বুলাওয়েতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবিও/টিআর/১৯০৮ ঘ.
bdnews24