২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জোড়া সেঞ্চুরিতে কার্ডিফ টেস্টে বড় স্কোরের পথে অস্ট্রেলিয়াও

সামপ্রতিক কালে অস্ট্রেলিয়ার বোলিং তার ট্রেড মার্ক ধারালো ভাব হারিয়ে ফেললেও ব্যাটিংয়ের ধার একটুও কমেনি। রিকি পন্টিং আর সায়মন ক্যাটিচের সেঞ্চুরি সে কথাই মনে করিয়ে দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2009, 08:35 AM

Updated : 26 Aug 2022, 11:43 AM

কার্ডিফ, জুলাই ১০(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- সামপ্রতিক কালে অস্ট্রেলিয়ার বোলিং তার ট্রেড মার্ক ধারালো ভাব হারিয়ে ফেললেও ব্যাটিংয়ের ধার একটুও কমেনি। রিকি পন্টিং আর সায়মন ক্যাটিচের সেঞ্চুরি সে কথাই মনে করিয়ে দেয়। বৃহস্পতিবার অধিনায়ক পন্টিং ব্যক্তিগত ৩৮তম টেস্ট সেঞ্চুরির পাশাপাশি টেস্ট ক্যারিয়ারে ১১ হাজার রানও পেরিয়েছেন। অন্য প্রান্তে ক্যাটিচও ছিলেন সাবলীল। দুটি সেঞ্চুরির সুবাদে প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৪৩৫ রানের জবাবে অস্ট্রেলিয়া অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ২৮৯ রান তুলেছে। প্রথম ইনিংসে নেমে শুরুটা ভালোই করে অস্ট্রেলিয়া। তবে এর মধ্যে ছন্দপতন হয় দলীয় ৬০ রানের মাথায়। ফ্লিনটফের বলে উইকেট কিপার প্রায়রের হাতে ক্যাচ তুলে বিদায় নেন হিউজ (৩৬)। এরপরই ক্যাটিচের সঙ্গে যোগ দেন পন্টিং। তারা এখনও অবিচ্ছিন্ন। অবশ্য এর মধ্যে ক্যাটিচ একবার আউট হতে হতে বেঁচে গেছেন। ব্যক্তিগত ১০ রানের মাথাতেই তিনি ফ্রেডির বলে রিটার্ন ক্যাচ তুলে দিয়েছিলেন। কিন্তু বলটি অনেক নিচু হওয়ায় ফ্রেডি তা ধরতে পারেননি। তবে ১৫৫ বলে করা সেঞ্চুরির ইনিংসটিতে কোনও সুযোগ দেননি পন্টিং। ব্যক্তিগত ৪১ রান করেই চতুর্থ ব্যাটসম্যান হিসাবে তিনি ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা আর অ্যালান বর্ডারের পরই এখন পন্টিং। শুধু তাই নয়, চারটি অ্যাশেজ সিরিজে সেঞ্চুরি করার সুবাদে ডোনাল্ড ব্র্যাডম্যান এবং স্টিভ ওয়ার পাশেও নিজের স্থান করে নিয়েছেন পন্টিং। অন্যদিকে প্রায় চার ঘণ্টা ক্রিজে থেকে ক্যাটিচ তার সেঞ্চুরি করেন ২১৪ বল খেলে। এর আগে সকালের সেশনে ইংল্যান্ডের টেলএন্ডার ব্যাটসম্যানরা দারুণ ব্যাটিং করে গত দিনের ৩৩৬ রানের সঙ্গে আরও ৯৯ রান যোগ করেন মাত্র ১৬.৫ ওভারে। গ্রায়েম শন ৪৭ রানে অপরাজিত থাকেন। সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড ১ম ইনিংস: ৪৩৫(পিটারসেন ৬৯, কলিংউড ৬৪, প্রায়র ৫৬, শন ৪৭*; জনসন ৮৭/৩, হওরিটজ ৯৫/৩) অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ২৪৯/১(পন্টিং ১০০*, ক্যাটিচ ১০৪*, হিউজ ৩৬; ফ্লিনটফ ৪৮/১) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এমআই/১৪৪০ ঘ.