ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার দিনের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ফলোঅন এড়াতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ইংল্যান্ডের ৫০২ রানের জবাবে তারা অল-আউট হয়েছে ২৭০ রানে। ইনিংস ব্যবধানে পরাজয় এড়াতে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে তারা।
প্রথম দিন ১০৫ ওভার খেলে ৮ উইকেটে ৪২২ রান করেছিল ইংল্যান্ড। তাদের রানের চূড়া কোথায় গিয়ে ঠেকবে সেটাই ছিল বড় বিষয়। শেষ পর্যন্ত প্রথম ইনিংসে অল-আউটের আগে ১২১ ওভার ৪ বল ব্যাট করে ৫০২ রানের ইনিংস গড়ে ইংল্যান্ড যুবদল। দ্বিতীয় দিন আরও ১৬ ওভার ব্যাট করে ৮০ রান যোগ করে নবম ও দশম জুটি। জেজে কবের ব্যাট থেকে এসেছে ২২০ রান। রাইজউদ্দিন করেছেন ৯৫। বাংলাদেশের আলাউদ্দিন বাবু ৪টি ও সাব্বির ৩ উইকেট নেন।
প্রতিপক্ষের বিশাল টার্গেটের সামনে বাংলাদেশের ব্যাটসম্যানরা যে গুলিয়ে ফেলবে তা বোঝাই যাচ্ছিল। ৯ উইকেটে ২৬৫ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করলেও পরের সকালেই (বুধবার) অল-আউট হয় তারা। ফলোঅনে পড়ায় বাংলাদেশ দলকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। মোমিনুল ৯০, সাব্বির ৫২*(দ্বিতীয় দিন শেষে) রান করেন।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল: ৫০২/১০ (১২১ ওভার, জেজে কব ২২০, রাইজউদ্দিন ৯৫, আলাউদ্দিন বাবু ৭৩/৪)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ২৭০/১০ ( দ্বিতীয় দিনের-মনিরুল ৯০, সাব্বির ৫২*, বার্থউইক ৬৬/৪)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এমআই/১৯১৮ ঘ.
bdnews24