২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যথারীতি প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল

সিরিজ বয়কটের ডাক দিয়েছেন স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। তাই বলে হাত গুটিয়ে বসে নেই বাংলাদেশের খেলোয়াড়ারা। প্রথম টেস্টের জন্য যথারীতি প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। তবে যাদের সঙ্গে খেলা সেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা অনুশীলনে নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2009, 05:02 PM

Updated : 26 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরিজ বয়কটের ডাক দিয়েছেন স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। তাই বলে হাত গুটিয়ে বসে নেই বাংলাদেশের খেলোয়াড়ারা। প্রথম টেস্টের জন্য যথারীতি প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। তবে যাদের সঙ্গে খেলা সেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা অনুশীলনে নেই। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড সিরিজ নিয়ে নেতিবাচক কোন কিছুই বলেনি। বরং বোর্ড কর্মকর্তারা নির্ধারিত সময়েই সিরিজ হবে বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিশ্চিত করেছে। বাংলাদেশ বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বুধবার বলেছেন, "সমস্যা যাই থাক না কেন বৃহস্পতিবারই টেস্ট শুরু হবে বলে নিশ্চয়তা দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।" বাংলাদেশ দল যথাসময়েই মাঠে যাবে বলে উল্লেখ করে তিনি বলেন, ওয়েস্ট ইন্ডিজের পক্ষে কারা খেলবেন এ নিয়ে ভাবনা নেই বাংলাদেশ দলের। উল্টো বিপদে আছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের ভাবমূর্তি অক্ষুন্ন রাখার জন্য যে কোন মূল্যে তাদের ক্রিকেটারদের ফিরিয়ে আনার চেষ্টা করবে ওয়েস্ট ইন্ডিজ। চুক্তি নিয়ে ক্রিকেটারদের সঙ্গে বিরোধ এখনও মেটেনি বোর্ডের। ক্রিস গেইলের নেতৃত্বে একদিন আগেই ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। তারা হলেন দিনেশ রামদিন (সহ-অধিনায়ক), আদ্রিয়ান বারাথ, সুলাইমান বেন, ডুইন ব্রাভো, শিবনারায়ন চন্দরপল, নারসিংহ ডোয়েনারিয়ান, রুনাকো মর্টন, ব্রেন্ডন ন্যাশ, রবি রামপল, এন্ড্রু রিচার্ডসন, রামনরেশ সারোয়ান ও জেরোমে টেলর। ওয়েস্ট ইন্ডিজের এই দলটিকে নিয়েই পরিকল্পনা আঁটছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তাদের বিপক্ষে কতটা ভাল করা যায় সেই ভাবনায় ব্যস্ত অধিনায়ক মাশরাফি। ভিনসেন্টের আর্নসভ্যালে স্টেডিয়ামের উইকেট দেখে একাদশ সাজাবেন তিনি। বাংলাদেশ সময় ভোর চারটায় টিম মিটিং। সেখানেই ঘোষণা করা হবে মাশরাফির নেতৃত্বে নতুন একাদশ। বাংলাদেশ দলে টেস্ট ডেব্যু হতে পারে মাহমুদুল্লাহ রিয়াদ ও পেসার রুবেলের। এই দু'জনকে নিয়ে বাংলাদেশের সম্ভাব্য একাদশ মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ আশরাফুল, রাকিবুল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাহাদাত হোসেন, রুবেল হোসেন, এনামুল হক জুনিয়র। ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দলের বাকি সদস্যরা হলেন জুনায়েদ সিদ্দিকী, মাহাবুবুল আলম, মেহরাব হোসেন জুনিয়র ও সগির হোসাইন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২৩০৫ ঘ.