২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিজেদের ফিরে পাওয়ার লড়াই টাইগারদের

ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বৃহস্পতিবার টেস্ট খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। গত সাত মাসে এটাই বাংলাদেশের প্রথম টেস্ট। আর একেই চ্যালেঞ্জ মনে করছেন প্রধান নির্বাচক রফিকুল আলম। বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সেকান্দার আলীকে দেওয়া সাক্ষাৎকারে রফিকুল আশা প্রকাশ করেন, বাংলাদেশ ভালোই খেলবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2009, 06:13 PM

Updated : 26 Aug 2022, 11:42 AM

সেকান্দার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা এবং সাত মাস বিরতির পর টেস্ট ফেরা বাংলাদেশ দলের জন্য ওয়েস্ট ইন্ডিজ সফরকে বড় চ্যালেঞ্জ মনে করছেন প্রধান নির্বাচক রফিকুল আলম। এই সিরিজে ভাল খেলার ওপরই নির্ভর করছে বাংলাদেশের ক্রিকেটের ইমেজ- তা স্বীকারও করলেন তিনি। বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে ক্রিকেটারদের সম্ভাব্য পারফরমেন্স নিয়ে রফিকুল আলম তাই বেশ চিন্তিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া রফিকুল আলমের সাক্ষাৎকারে উঠে এসেছে মাঠে বাংলাদেশ দলের ক্রিকেটারদের করণীয় সম্পর্কে নানা পরামর্শ। বিডিনিউজ: বৃহস্পতিবার (কাল) প্রথম টেস্ট শুরু, আপনার তো এখন দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ থাকার কথা। রফিকুল: হ্যাঁ, দলের সঙ্গে থাকলে ভালো হতো। ব্যক্তিগত কারণে এখনও যাওয়া হয়ে ওঠেনি। খেলোয়াড়, কোচ এবং ম্যানেজারের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে (ফোনে)। প্রথম টেস্টে একাদশ সাজাতে কোনও সমস্যা হবে না। বিডিনিউজ: এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেট ইমেজ সঙ্কটে ভুগছে। ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ দলের পারফরমেন্স খারাপ হলে টেস্ট স্ট্যাটাস নিয়েই প্রশ্ন উঠবে? রফিকুল: ঠিকই বলেছেন। টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের (বাংলাদেশ) দল ভালো খেলেনি। আয়ারল্যান্ডের কাছে হারায় বেশ সমালোচনা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খারাপ করলে কিছুটা সমস্যা তো হবেই। তবে আমরা (নির্বাচকরা) সেরা ক্রিকেটারদেরই টেস্ট স্কোয়াডে নিয়েছি। আশা করি, নতুন অধিনায়কের নেতৃত্বে ভালো খেলবে দল। বিডিনিউজ: সাত মাস ধরে টেস্ট খেলে না বাংলাদেশ। প্রথম টেস্টে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন ক্রিকেটাররা? রফিকুল: দীর্ঘ বিরতির পর টেস্ট খেলতে নেমেই ভালো খেলা সহজ না। শুধু বাংলাদেশ দলই নয় অস্ট্রেলিয়াও যদি সাত-আট মাস টেস্টের বাইরে থাকে তাদের জন্যও সমস্যা হবে। এমন পরিস্থিতিতে যে কোনও মূল্যে টেস্ট পাঁচ দিনে নিয়ে যেতে পারলেই আত্মবিশ্বাস ফিরে আসবে। বাংলাদেশ দলের লক্ষ্য হওয়া উচিত, প্রথম টেস্ট পঞ্চম দিনে নিয়ে যাওয়া। ধুমধাড়াক্কা ক্রিকেট না খেলে সিঙ্গেল রানের ওপর জোর দেওয়া। এতে ঝুঁকি কম থাকে, ইনিংসটিও বড় হয়। প্র্যাকটিস ম্যাচের দ্বিতীয় ইনিংসে তারা ভালো খেলেছে। আমি ক্রিকেটারদের সেটাই খেলতে বলবো। বিডিনিউজ: বাংলাদেশের ক্রিকেটাররা প্রস্তুতি ম্যাচে বরাবরই ভালো খেলে। টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সবগুলো প্রস্তুতি ম্যাচ ভালো খেলেও আয়ারল্যান্ডের কাছে হেরেছে? রফিকুল: ভাল বলেছেন (হাসতে হাসতে)। প্র্যাকটিস ম্যাচে চাপ কম থাকে বলেই বোধ হয় ভালো খেলে। তবে দিন সমান যায় না। দেয়ালে পিঠ ঠেকে গেলে বাংলাদেশ দল ভালো করে। আমার বিশ্বাস, নিজেদের স্বার্থেই এবার প্রথম টেস্ট থেকে ভালো খেলার চেষ্টা করবেন ক্রিকেটাররা। এছাড়া নতুন অধিনায়কের জন্যও এটা চ্যালেঞ্জ। অধিনায়কত্ব হারানোর পর আশরাফুলও ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রমাণ করতে চাইবে। সাকিব এবং রকিবুল ফর্মে আছে। এখন সুযোগ কাজে লাগাতে পারলেই হলো। বিডিনিউজ: ওয়েস্ট ইন্ডিজের মূল দল তো সিরিজ বয়কটের হুমকি দিয়েছে। বাংলাদেশ দলের ওপর কি এর প্রভাব পড়তে পারে? রফিকুল: এটা তাদের (ওয়েস্ট ইন্ডিজ) সমস্যা। এ নিয়ে আমাদের মাথাব্যথা নেই। আমরা খেলার জন্য প্রস্তুত। ওদের মূল দল না খেললে আমাদের জন্যই ভালো। বিডিনিউজ: বাংলাদেশ দলের দুর্বলতা কোথায়? রফিকুল: দুর্বলতা বলব না। টপঅর্ডার ব্যাটসম্যানরা ধারাবাহিক হলে সমস্যা থাকবে না। আশার বিষয়, ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের বিপক্ষে তামিম এবং ইমরুল কায়েস ১২৩ রানের ইনিংস খেলেছে। রাকিবুল রান করেছে। আশরাফুল প্রথম ইনিংসে ৫০ মেরেছে। আমার বিশ্বাস সমস্যা হবে না। বিডিনিউজ: ওয়েস্ট ইন্ডিজ দলকে কীভাবে দেখেন? রফিকুল: নিঃসন্দেহে ওয়েস্ট ইন্ডিজ বড় দল। গত তিন চারটা সিরিজে তাদের ক্রিকেটাররা ভালো খেলেছে। বিশেষ করে তাদের বোলাররা বাংলাদেশের জন্য সমস্যা। ব্যাটসম্যানদের সেভাবেই মাঠে ধৈর্য দেখাতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এমআই/১৯০০ ঘ.