নয়া দিল্লি, জুলাই ০৮(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী তার অভিজ্ঞতাকে এবার দেশের কাজে লাগাতে চাইছেন।
স্থানীয় প্রচার মাধ্যমকে তিনি বলেন, তার এ অভিজ্ঞতা ক্রিকেট প্রশাসনে ইতিবাচক পরিবর্তন আনতে পারবে।
গেল বছর অবসর নিয়েছেন ভারতের অন্যতম সফল সাবেক এই টেস্ট অধিনায়ক।
ভারতীয় ক্রিকেটে একটা ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন বলে আশা প্রকাশ করে সৌরভ বলেন, সর্বোচ্চ পর্যায়ে খেলে আমি বুঝতে পেরেছি যে পরিবর্তনের জন্য কি করতে হবে।
১১৩ টি টেস্ট এবং ৩১১টি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন গাঙ্গুলী। এর মধ্যে ২১টি টেস্ট জয়ে ভারতের নেতৃত্ব দেন।
৩৭ বছরের গাঙ্গুলী বলেন, আগামী মাসে কলকাতায় অনুষ্ঠেয় ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) কোন একটি পদে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, "সিএবিতে নিজের জায়গা আমি অবশ্যই খুঁজে নেব।"
তিনি আরো বলেন, "সিএবি'র সবাই আমাকে ছেলেবেলা থেকে চেনে। আমিও তাদের সবাইকে শ্রদ্ধা করি। তাই আমি নিশ্চিত যে তারা আমার সিদ্ধান্তকে স্বাগত জানাবে।"
অবশ্য এরই মধ্যে সৌরভ ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর টেকনিক্যাল কমিটির সদস্য হয়ে গেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/টিআর/
bdnews24