২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্র্যাকটিসের জন্য বিসিবির অনুমতির অপেক্ষায় আইসিএল ফেরতরা

ইন্ডিয়ান ক্রিকেট লিগ (আইসিএল) ফেরত ঢাকা ওয়ারিয়ার্সের ক্রিকেটারদের অনুশীলনে বাধা হয়ে আছে বিসিবির অনুমোদন। বিসিবির মাঠ এবং অবকাঠামো ব্যবহারের জন্য লিখিত আবেদন করে অনুমোদনের অপেক্ষায় রয়েছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2009, 06:14 PM

Updated : 26 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ০৬ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ইন্ডিয়ান ক্রিকেট লিগ (আইসিএল) ফেরত ঢাকা ওয়ারিয়ার্সের ক্রিকেটারদের অনুশীলনে বাধা হয়ে আছে বিসিবির অনুমোদন। বিসিবির মাঠ এবং অবকাঠামো ব্যবহারের জন্য লিখিত আবেদন করে অনুমোদনের অপেক্ষায় রয়েছেন তারা। মীরপুরে প্র্যাকটিসের সুযোগ চেয়ে ২ জুলাই আবেদন করে এখনো অনুমতি পাননি শাহরিয়ার নাফিস। সোমবার আবেদন করেছেন হাবিবুল বাশার, মোশারফ হোসেন রুবেল ও মঞ্জুরুল হক। কবে নাগাদ অনুমতি মিলবে, কিছুই জানেন না তারা। আইসিএল ফেরত ক্রিকেটারদের মাঠ ব্যবহারের জন্য অনুমতির দরকার বিষয়েও শোনা যাচ্ছে দু'রকমের কথা। ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান এনায়েত হোসেন সিরাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন," আইসিএল ফেরত সব ক্রিকেটারকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। তাদেরকে লিগে খেলার অনুমতি দিয়েছে বিসিবি। মীরপুর স্টেডিয়ামে প্র্যাকটিসের জন্য তাদের তো অনুমতির দরকার নেই। জাতীয় দলের আর দশজন ক্রিকেটারের মত তারাও বিসিবির সব মাঠ এবং অবকাঠামো ব্যবহার করতে পারবে।" কিন্তু বাস্তবে ঘটছে এর উল্টোটাই। বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস বলেন এর বিপরীত কথা। তার ভাষ্য: "বোর্ডের (বিসিবির) চুক্তির বাইরে যে কোন ক্রিকেটারের বিসিবির তত্ত্বাবধানে থাকা মাঠ এবং অবকাঠামো ব্যবহার করতে হলে লিখিত অনুমোদন লাগবে। উন্মুক্ত থাকলে সবাই মীরপুর স্টেডিয়ামে প্র্যাকটিস করতে চাইবে। লিখিত অনুমোদন পেলেই আইসিএল ফেরত ক্রিকেটাররা বিসিবির মাঠ ব্যবহার করতে পারবে।" শুধু মীরপুর নয়, লিখিত অনুমতি ছাড়া ঢাকা বা ঢাকার বাইরে বিসিবির কোনও মাঠেই প্র্যাকটিস করতে পারবেন না আইসিএল ফেরত ক্রিকেটাররা। বিষয়টি ভাল লাগেনি জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ শরিফের। তিনি বলেন,"পাকিস্তান যেখানে আইসিএল ক্রিকেটারদের আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ করে দিচ্ছে, সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাদের অনুশীলনে বাধা হচ্ছে। অথচ আমাদের বিশ্বাস ছিল আইসিএল থেকে সরে আসার পর বিসিবি আমাদেরকে বিশেষ প্রশিক্ষণ দেবে।" ২০০৮ সালের সেপ্টেম্বরে বিসিবির চুক্তিভুক্ত ছয় জন সহ মোট ১৪ ক্রিকেটার দেশের সবধরণের ক্রিকেট থেকে অব্যাহতি চেয়ে চিঠি দেন। এরপর ঢাকা ওয়ারিয়ার্স নামে আইসিএলে একটি টুর্নামেন্ট খেলেন তারা। গতবছর নভেম্বরে শেষ ক্রিকেট ম্যাচ খেলেছেন এরা। এরপর বড় পরিসরে আর খেলার সুযোগ হয়নি। কেবল শাহরিয়ার নাফিস ঢাকা বিশ্ববিদ্যালয়ের টুর্নামেন্টে খেলেছেন। বাকিরা ফিটনেস ধরে রাখতে জিম এবং দৌড় ঝাঁপের মধ্যেই আটকে আছেন। ঘরোয়া ক্রিকেটে খেলতে হলে অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে তাদের। সে হিসেবে প্রায় এক বছর ক্রিকেটের বাইরে থাকতে হচ্ছে আফতাব, অলক কাপালিদের। ঘরোয়া ক্রিকেটে মাঠে নামার আগে ব্যাটে বলের অনুশীলনের জন্যই বিসিবির মাঠ ব্যবহার করতে চাচ্ছেন তারা। আইসিএলের সঙ্গে চুক্তি বাতিলের শর্তে বাংলাদেশের ওই ক্রিকেটারদের সাধারণ ক্ষমা করেছিল বিসিবি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসকে/২২১০ঘ.