২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৯২ রানেই গুটিয়ে গেল শ্রীলঙ্কার প্রথম ইনিংস

পাক ফাস্ট বোলার মোহাম্মদ আমিরের অভিষেক ম্যাচের দুর্দান্ত বোলিংয়ে প্রথম টেস্টে শ্রীলঙ্কার প্রথম ইনিংস ২৯২ রানেই গুটিয়ে গেছে। দিন শেষ করতে নেমে পাকিস্তান ১৫ রান তুলতেই ২ উইকেট হারিয়ে ফেলে। শনিবার গলে শুরু হয় পাকিস্তানের বিপক্ষে স্বাগতিক শ্রীলঙ্কার তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2009, 06:03 PM

Updated : 26 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০৪(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---পাক ফাস্ট বোলার মোহাম্মদ আমিরের অভিষেক ম্যাচের দুর্দান্ত বোলিংয়ে প্রথম টেস্টে শ্রীলঙ্কার প্রথম ইনিংস ২৯২ রানেই গুটিয়ে গেছে। দিন শেষ করতে নেমে পাকিস্তান ১৫ রান তুলতেই ২ উইকেট হারিয়ে ফেলে। শনিবার গলে শুরু হয় পাকিস্তানের বিপক্ষে স্বাগতিক শ্রীলঙ্কার তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সকালে টসে জিতে স্বাগতিক শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠান পাক অধিনায়ক ইউনিস খান। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে নিজের প্রথম ওভার করতে এসেই শেষ বলে আঘাত হানেন ডেব্যুটেন্ট মোহাম্মদ আমির। ইনিংসের দ্বিতীয় ওভারেই তিনি লঙ্কান ওপেনার ওয়ার্নাপুরাকে ঝুলিতে পোরেন বোল্ড করে দিয়ে। শুধু তাই নয়, অধিনায়ক সাঙ্গাকারাকে (৯) তিনি দলীয় মাত্র ২২ রানে প্যাভিলিয়নে ফেরত পাঠান যাতে ভীষণ চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। কিন্তু সেই চাপ সামলে পারানাভিতানা দারুণ খেলে জীবনের প্রথম টেস্ট হাফ সেঞ্চুরি হাঁকান। তাকে এ সময় সঙ্গ দেন অভিজ্ঞ জয়াবর্ধনে। কিন্তু জয়াবর্ধনে বেশিক্ষণ টিকতে পারেননি। ব্যক্তিগত ৩০ রানে রউফের বলে আউট হয়ে যান। পারানাভিতানা তখন জুটি বাঁধেন সামারাবীরার সঙ্গে। কিন্তু ১২৫ বলে ৭২ রান করা পারানাভিতানা আউট হয়ে যান দলীয় ১৩৯ রানে। এরপর সামারাবীরার সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিতে থাকেন দিলশান। কিন্তু ভালো খেলতে থাকা সামারাবীরাকে (৩১) কামরান আকমলের ক্যাচে পরিণত করেন বোলার ইউনিস খান। এরপর দিলশান ব্যক্তিগত ২৮ রানে আউট হলে শ্রীলঙ্কার স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১৯৪। ফলে টেলএন্ডারদের ঘাড়েই দায়িত্ব চাপে রানটাকে বাড়ানোর। সে কাজটি বেশ ভালোভাবেই করেছেন তারা। দলের পক্ষে নিজের অভিষেক টেস্ট খেলা ম্যাথুস করেন ৪২ রান। কুলাসেকেরা করেন ৩৮ রান। আর হেরাথ ২০ রানে অপরাজিত থাকলে শ্রীলঙ্কার ইনিংস ২৯২ রানে শেষ হয়। পাকিস্তানের পক্ষে এদিন সবচেয়ে সফল বোলার অভিষেক টেস্ট খেলতে নামা মোহাম্মদ আমির। তিনি মাত্র ১৭ ওভার বল করে ৭৪ রান দিয়ে ৩ উইকেট নেন। এছাড়া ২টি করে উইকেট নেন সৈয়দ আজমল, ইউনিস খান এবং আব্দুর রউফ। শেষ বিকেলে বাকি৭ ওভার খেলতে নেমে রীতিমতো বিপদে পড়ে যায় পাকিস্তান। ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলেই পাক ওপেনার সালমান বাটকে (০) বোকা বানিয়ে কুলাসেকেরার একটি দারুণ বল তার অফস্টাম্প ভেঙে দেয়। এরপর ইনিংসের চতুর্থ ওভারে আরেক ওপেনার খুররম মনজুরকে থিলান থুসারা তুলে নিলে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ৫। এরপর ক্রিজে এসে আর কোনও বিপদ ছাড়াই দিন শেষ করেন ইউনিস খান ও নাইটওয়াচম্যান আব্দুর রউফ। পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১৫। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এসকে/২৩৪৮ঘ.