ঢাকা, জুলাই ০৪(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- চামিন্দা ভাস টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চাইছেন বলে লঙ্কান প্রধান নির্বাচক অশান্থ ডি মেল যে দাবি করেছিলেন, তা উড়িয়ে দিয়েছেন লঙ্কান এ ফাস্ট বোলার।
কনিবার ক্রিকইনফোকে তাৎক্ষণিক দেওয়া এক প্রতিক্রিয়া ভাস বলেন,"আমি এখনও এ ধরনের কোনও সিদ্ধান্ত নেইনি।"
অথচ শনিবার সকালের দিকে অশান্থ ডি মেল এএফপিকে বলেন," চামিন্দা আমাকে বলেছে যে সে আর টেস্ট ক্রিকেট খেলতে চায় না। তবে সীমিত ওভারের খেলা চালিয়ে যাবে।"
পাকিস্তানের বিপক্ষে গলের প্রথম টেস্ট শুরুর আগের দিন অধিনায়ক কুমার সাঙ্গাকারা বেশ শক্তভাবেই ভাসকে চলতি সিরিজের বাইরে রাখার কথা বলেছেন। ঠিক তার একদিন পরই ভাসের অবসরের খবরটি মিডিয়ায় আসে।
সাঙ্গাকারা বলেন," টোয়েন্টি২০ বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে ভাসের সঙ্গে আমার কথা হয়েছে। কোনও সন্দেহ নেই তার মান নিয়ে, শ্রীলঙ্কার জন্য সে যথেষ্টই করেছে। এখনও সে আমাদের দলে দারুণ ভূমিকা পালনের যোগ্যতা রাখে। আমাদের শুধু সিদ্ধান্ত নিতে হবে কোন ধরনের ক্রিকেটে সে আমাদের জন্য সবচেয়ে বেশি অবদান রাখতে পারে।'
তিনি আরও বলেন,"সে যদি সত্যিই অন্য ধরনের ক্রিকেট খেলতে চায় তবে তার ফিটনেস এবং বয়স দিয়ে কীভাবে সেরাটা দিবে সেজন্য সময়টা ভাগ করে নেওয়া উচিত। অবশ্যই তাকে সামনে এগিয়ে যেতে হবে, সামনেই বিশ্বকাপ। বিশ্বকাপে সে আমাদের পরিকল্পনার বড় অংশজুড়েই থাকবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/১৭২৫ ঘ.
bdnews24