ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ড্যামিয়েন মার্টিন ২০০৫ সালের অ্যাশেজ হারের জন্য সাবেক কোচ জন বুকাননকে দুষেছেন।
তার অভিযোগ, দলের জন্য কম প্রস্তুতি নিয়েছেন কোচ।
মার্টিন বলেছেন, কম প্রস্তুতি ২০০৫ সালের অ্যাশেজে অস্ট্রেলিয়ার ভরাডুবির কারণ। তিনি এও মনে করেন যে ওই বছর ইংল্যান্ড যত ভালো খেলেছে, অত ভালো আর কখনই খেলেনি।
অস্ট্রেলিয়ার সাবেক কোচ বুকানন বর্তমানে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের পরামর্শক হিসাবে কাজ করছেন। এর আগে তার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তুলেছিলেন শেন ওয়ার্ন এবং স্টুয়ার্ট ম্যাকগিল।
'উইজডেন ক্রিকেটার'কে দেওয়া এক সাক্ষাৎকারে মার্টিন বলেন," ওয়ার্ন এবং ম্যাকগিলের প্রতিটি মন্তব্য সঠিক। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন, এর ৯৯ ভাগই সত্যি।"
তিনি আরও বলেন,"ওরা দুজনই শুধু এ কথা বলার সাহস দেখিয়েছে। টিম ম্যানেজমেন্ট সঠিক পরিকল্পনা করেনি। ব্রিসবেনে আমরা খুব ভালো প্রস্তুতি না নিয়েই তাড়াহুড়া করে ইংল্যান্ডে গিয়েছি।"
'হ্যাম্পশায়ারে আমরা ইংল্যান্ডের বিপক্ষে একটি টোয়েন্টি ২০ ম্যাচ খেলেছিলাম, যেটা নিয়ে ইংল্যান্ড এখনও কথা বলে, ওই ম্যাচে তারা আমাদের রীতিমতো নাস্তানাবুদ করে ছাড়ে। বাকনার বলেছিল, এটা একটা ফালতু খেলা, এটা নিয়ে ভেবো না। ওইদিন সকালে আমরা চার ঘণ্টা অনুশীলন করি। কিন্তু মাঠে নামার পর টেস্ট ম্যাচের মতো টোয়েন্টি ২০ ম্যাচেও তারা আমাদের নাস্তানাবুদ করে। আমরা ম্যাচে প্রচুর ভুল করেছিলাম এবং যার কিছুই প্রকাশ হয়নি।"
২০০৬-০৭ অ্যাশেজ মৌসুমের মাঝামাঝি হঠাৎ করেই মার্টিন অবসরের ঘোষণা দিয়ে বসেন।
মার্টিনের অ্যাশেজ স্মৃতিচারণায় বেশ বড় করেই ধরা পড়েছে অপর্যাপ্ত অনুশীলনের ব্যাপারটি। ডেমিয়েন বলেন,"আমরা নির্জীব ছিলাম, আর ওদের জন্য সবকিছুই একসঙ্গে ক্লিক করেছিল। অত ভালো তারা এরপর আর খেলেনি। আর কখনও খেলতেও পারবে না। তারা অ্যাশেজের জন্য নিজেদের খুব ভালোভাবে প্রস্তুত করেছিল। আমরা এতবার অ্যাশেজ জিতেছি যে ব্যাপারটি আমাদের জন্য অত গুরুত্বপূর্ণ ছিল না।"
'আমাদের জন্য ব্যাপারটি ছিল আরেকটি সিরিজের মতোই। আমরা বিশ্বকাপ জিতেছি, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি, উপমহাদেশ জিতেছি। তাই আমাদের জন্য ব্যাপারটি ছিল আরেকটি সিরিজের মতোই। কিন্তু ইংল্যান্ড খুবই দুর্দান্ত ছিল আমাদের অপ্রস্তুত থাকার কারণে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এসকে/২২২৫ঘ.
bdnews24