লন্ডন, ২৭ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২০১০ সালে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ার। আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম বা এফটিপিতে নির্ধারিত দুই টেস্টের এই সিরিজটা হবে বটে, তবে সেটা পাকিস্তানে নয়। নিরাপত্তার কারণে অস্ট্রেলিয়ানরা পাকিস্তান সফরে যেতে রাজি না হওয়ায় সিরিজটা নিরপেক্ষ ভেন্যু ইংল্যান্ডে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড, ইসিবির এক বিজ্ঞপ্তিতে শুক্রবার নিশ্চিত করা হয়েছে বিষয়টি।
নিরাপত্তার হুমকি উপেক্ষা করে গত মার্চে শ্রীলঙ্কা দল গিয়েছিল পাকিস্তান সফরে। কিন্তু সিরিজ চলাকালে শ্রীলঙ্কান ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলা এলোমেলো করে দিয়েছে সবকিছুই। এমনিতেই পাকিস্তান সফরে অনিচ্ছুক বিদেশী দলগুলো আর অদূর ভবিষ্যতে সে দেশে সফরের কথা ভাবতেও পারছে না। তাই এক রকম বাধ্য হয়েই পাকিস্তানকে বেছে নিতে হচ্ছে বিদেশে হোম সিরিজ খেলার মতো বিকল্প।
আগামী বছরের জুলাই মাসে নির্ধারিত এই সফরে দুটি টেস্ট ছাড়াও দুটি টোয়েন্টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৬৪১ ঘ.
bdnews24