২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমর্থকদের আরো ধৈর্য্যশীল হওয়ার আহ্বান টেন্ডুলকারের

ভারতীয়দের কাছে ক্রিকেট অনেকটা ধর্মের মতো। ক্রিকেট নিয়ে তাদের বাড়াবাড়িও তাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় অনেক সময়। প্রিয় দল জিতলে খুশিতে আত্মহারা, কিন্তু ব্যর্থ হলে ক্রিকেটাররা রাতারাতি 'খলনায়ক' বনে যান ভারতের ক্রিকেট-প্রেমী মানুষের কাছে। ঠিক এই ব্যাপারটাই পছন্দ নয় শচীন টেন্ডুলকারের। ভারতের একটি টিভি চ্যানেলের সঙ্গে কথা বলার সময় সমর্থকদের আরো বেশি ধৈর্য্যশীল হয়ে দুঃসময়ে দলের পাশে থাকার আহ্বানই জানালেন সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2009, 02:31 PM

Updated : 26 Aug 2022, 11:37 AM

চেন্নাই, ১৮ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতীয়দের কাছে ক্রিকেট অনেকটা ধর্মের মতো। ক্রিকেট নিয়ে তাদের বাড়াবাড়িও তাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় অনেক সময়। প্রিয় দল জিতলে খুশিতে আত্মহারা, কিন্তু ব্যর্থ হলে ক্রিকেটাররা রাতারাতি 'খলনায়ক' বনে যান ভারতের ক্রিকেট-প্রেমী মানুষের কাছে। ঠিক এই ব্যাপারটাই পছন্দ নয় শচীন টেন্ডুলকারের। ভারতের একটি টিভি চ্যানেলের সঙ্গে কথা বলার সময় সমর্থকদের আরো বেশি ধৈর্য্যশীল হয়ে দুঃসময়ে দলের পাশে থাকার আহ্বানই জানালেন সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান। দু বছর আগে তরুণ, অপেক্ষাকৃত অনভিজ্ঞদের নিয়ে দল গড়েও প্রথম টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতে নিয়েছিল মহেন্দ্র সিং ধোনির দল। সেবার দেশে ফিরে বীরোচিত সংবর্ধনাই পেয়েছিল তারা। অথচ এবার একেবারে বিপরীত অবস্থা। সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায় রাঁচিতে ধোনির বাসার সামনে তার কুশপুত্তলিকা পুড়েছে, তার বিরুদ্ধে শ্লোগান দিয়েছে বিক্ষুব্ধ মানুষ। সমর্থকদের রোষ থেকে বাঁচতে ভারত অধিনায়কের বাসার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতেও হয়েছে। দেশের মানুষের এমন আচরণে টেন্ডুলকার বেশ বিরক্ত। তবে তাদের আবেগের প্রতি শ্রদ্ধা রেখেই 'টাইমস নাউ' চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে তার মন্তব্য, "আমার মনে হয় প্রতিক্রিয়া জানানোর সময় মানুষের মধ্যে বিশাল আবেগ কাজ করে। কিন্তু এ ধরণের প্রতিক্রিয়া কি আমাদের আরো ভালো খেলতে সাহায্য করে? একদমই না। এটা আসলে খেলোয়াড়দের আরো চাপের মধ্যে ফেলে দেয়। আমাদের আরো বেশি পরিণত হতে হবে। আর (দুঃসময়ে) দলের সঙ্গে থাকতেও হবে।" অতীতের কথা ভুলে গিয়ে ভক্তদের আরো বেশি দায়িত্বশীল আচরণের আহ্বানও জানালেন 'লিটল জিনিয়াস', "কেউই অতীত পরিবর্তন করতে পারে না। তবে সবসময়ই তা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরো ভালো করতে পারে। আমার মনে হয় সাফল্য বা ব্যর্থতা যা-ই আসুক না কেন, আমাদের উচিৎ অনেক দায়িত্ব নিয়ে তার প্রতিক্রিয়া জানানো। আমরা তা করতে পারলে ব্যাপারটা সবার জন্যই সহজ হয়ে আসবে। আজ পুরো জাতির মতোই আমি হতাশ। আমি নিশ্চিত ছেলেরা পরিকল্পনা অনুযায়ী ভালো খেলার চেষ্টা করেছে। কিন্তু কখনো-কখনো সাফল্য ধরা দেয় না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২০৩৮ঘ.