২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'আন্তর্জাতিক মানের ক্রিকেট' খেলেনি ভারত, মানলেন ধোনি

টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে অনেকটা অপ্রত্যাশিতভাবেই শিরোপা জিতে নিয়েছিল ভারত। কিন্তু দ্বিতীয় আসরের ব্যাপারটাই অন্য রকম, শুধু বর্তমান চ্যাম্পিয়ন বলেই নয়, মাঝের দুই বছরে বদলে যাওয়া পরিস্থিতি ভারতকে করে তুলেছিল টুর্নামেন্টের সবচেয়ে বড় আকর্ষণ। অথচ সেই দলটাই কি না সুপার এইট পর্বের তিন ম্যাচের তিনটাতেই হেরে গেল! এমন ব্যর্থতার কারণ খুঁজতে ভারত জুড়ে যখন আলোচনার-সমালোচনার ঝড়, তখন অধিনায়ক ধোনি শোনালেন তার আত্মোপলব্ধি- আসলে এই টুর্নামেন্টে মোটেই ভালো খেলে নি ভারত, তার দলের খেলা 'আন্তর্জাতিক মানের'-ই ছিল না!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2009, 12:03 PM

Updated : 26 Aug 2022, 11:37 AM

নটিংহ্যাম, ১৭ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে অনেকটা অপ্রত্যাশিতভাবেই শিরোপা জিতে নিয়েছিল ভারত। কিন্তু দ্বিতীয় আসরের ব্যাপারটাই অন্য রকম, শুধু বর্তমান চ্যাম্পিয়ন বলেই নয়, মাঝের দুই বছরে বদলে যাওয়া পরিস্থিতি ভারতকে করে তুলেছিল টুর্নামেন্টের সবচেয়ে বড় আকর্ষণ। অথচ সেই দলটাই কি না সুপার এইট পর্বের তিন ম্যাচের তিনটাতেই হেরে গেল! এমন ব্যর্থতার কারণ খুঁজতে ভারত জুড়ে যখন আলোচনার-সমালোচনার ঝড়, তখন অধিনায়ক ধোনি শোনালেন তার আত্মোপলব্ধি- আসলে এই টুর্নামেন্টে মোটেই ভালো খেলে নি ভারত, তার দলের খেলা 'আন্তর্জাতিক মানের'-ই ছিল না! মঙ্গলবার সুপার এইটের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ১২ রানে হেরে যাওয়ার পর ধোনি যেন আত্মপক্ষ সমর্থনের ভাষাই খুঁজে পাচ্ছিলেন না, "এমনটা প্রত্যাশা ছিল না আমাদের কাছে। সবাই ভেবেছিল আমরা অনেক ভালো করবো। কিন্তু আমরা কী করতে পারতাম, সেটা বড় কথা নয়- আসল কথা হলো আমরা কী করেছি। আমরা আসলেই ভালো খেলিনি, নিজেদের সামর্থের শতভাগ ঢেলে দিতেও পারিনি। আমাদের খেলা মোটেই আন্তর্জাতিক মানের ছিল না।" কিন্তু কেন এমন হলো? ধোনি বলছেন, আসলে ভারতের খেলোয়াড়রা এই টুর্নামেন্টের কোনো ম্যাচেই একটা দল হিসেবে ভালো খেলেনি। কারো কারো ব্যক্তিগত সাফল্যে প্রথম রাউন্ডের ম্যাচগুলোয় বিচ্ছিন্ন সাফল্য পাওয়া গেছে, কিন্তু সেটা যে সব সময় হওয়ার নয়, সুপার এইটের লড়াইয়ে তা ঠিকই বোঝা গেছে। বলা হচ্ছে এই ব্যর্থতার পেছনে একটা কারণ খেলোয়াড়দের ক্লান্তি। টুর্নামেন্টে ভারতকে নিয়ে তুমুল আগ্রহের একটা কারণ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল। কিন্তু বিশ্বকাপ শুরুর ঠিক আগে ছয় সপ্তাহের এই ক্লান্তিকর টুর্নামেন্টই আবার ক্ষতিও করেছে তাদের। সরাসরি সেই কথা না বললেও ধোনির কণ্ঠে সে রকমই আভাস। বিশ্বকাপ মিশন শেষ করেই তার দল যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজে, সেখানে ১০ দিনের এক সফরে চারটি ওয়ানডে খেলবে তারা। এরপর দীর্ঘ বিরতি শেষে নামবে পরবর্তী 'বড় মিশন' চ্যাম্পিয়নস ট্রফিতে। সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় সেই টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানোর আশা ভারত-অধিনায়কের, "ওয়েস্ট ইন্ডিজ সফরের পর আমরা লম্বা একটা ছুটি পাবো, আর আশা করি তারপর দক্ষিণ আফ্রিকার জন্য আরো ভালো প্রস্তুতি নিতে পারবো আমরা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৮১২ ঘ.