নটিংহ্যাম, ১৬ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপার এইটে শ্রীলঙ্কার দুটো জয়ের বিপরীতে নিউজিল্যান্ডের জয় ছিল একটিতে। কিন্তু নেট রানরেটে এগিয়ে থাকায় শেষ ম্যাচে শ্রীলঙ্কানদের হারাতে পারলেই সেমিফাইনালে চলে যেতো কিউইরা। অর্থাৎ দু দলের জন্যই ম্যাচটা ভীষণ গুরুত্বপূর্ণ। মঙ্গলবার টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সেই ম্যাচে কিউইরা কিন্তু প্রতিপক্ষের কাছে পাত্তাই পায়নি। সহজেই ৪৮ রানে জিতে 'এফ' গ্রুপের চ্যাম্পিয়ন হিসাবেই সেমিফাইনালে উঠে গেছে শ্রীলঙ্কা।
অথচ নটিংহ্যামের ট্রেন্টব্রিজে ১৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড দারুণ সূচনা পেয়েছিল। ইনিংসের প্রথম ওভারে ৬ রান দিয়েছিলেন নুয়ান কুলাসেকারাকে সরিয়ে দলে ফেরা ইসুরু উদানা। দ্বিতীয় ওভার করতে আসেন সনাৎ জয়াসুরিয়া। আর সেই ওভারটাই কিউইদের জন্য স্বর্ণপ্রসবা! প্রথম দুই বলে মাত্র দুই রান দেয়া জয়াসুরিয়া কল্পনাও করতে পারেননি পরের চারটা বল তার জন্য কী দুর্ভোগ অপেক্ষা করছে। পরপর তিনটা বাউন্ডারি মারা অ্যারন রেডমন্ড ওভারটা শেষ করেছেন লংঅফ দিয়ে ছক্কা হাঁকিয়ে! অর্থাৎ ঐ এক ওভারেই এসেছে ২০ রান।
ব্যাট হাতে ঝড় তোলার সুনাম থাকলেও ব্রেন্ডন ম্যাককালাম বরং কিছু করতে পারেননি। মাত্র ১০ রান (১২ বলে) করে উদানার বলে ক্যাচ দিয়ে এসেছেন তিনি। তারপরও রেডমন্ডের ঐ তান্ডব উদ্বোধনী জুটিতে মাত্র ৩ ওভারে ৩০ রান এনে দিয়েছে কিউইদের।
অবশ্য ম্যাককালামের বিদায়ের পর রেডমন্ড বেশিক্ষণ টিকতে পারেননি। ১৩ বলে ২৩ রান করা এই ডানহাতি ওপেনারকে আউট করেছেন লাসিথ মালিঙ্গা। তারপরও রানরেট ৮ ধরে রেখে লক্ষ্যের দিকে ভালোমতোই এগোচ্ছিল কিউইরা। কিন্তু অজন্তা মেন্ডিস বল হাতে নিতেই পরিস্থিতির নাটকীয় পরিবর্তন।
নিজের প্রথম ওভারে মাত্র ৩ রান দেয়া মেন্ডিসের দ্বিতীয় ওভারটা শ্রীলঙ্কানদের জন্য এক কথায় অতুলনীয়। সেই ওভারের প্রথম বলে আইপিএলে দুর্দান্ত খেলা রস টেলরকে (৮) স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেছেন মেন্ডিস। চতুর্থ বলে স্কট স্টাইরিসও (২) বোল্ড। ৬৬ রানে ৪ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড তখন বেশ চাপের মধ্যে।
তিন নম্বরে নামা মার্টিন গুপটিলকে সঙ্গে নিয়ে সেই চাপ সামলে দলকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন অভিজ্ঞ অলরাউন্ডার জ্যাকব ওরাম। কিন্তু সেই চেষ্টা সফল হতে দেননি উদানা। প্রথম স্পেলে ২ ওভারে মাত্র ১০ রান দেয়া এই বাঁহাতি পেসার দ্বিতীয় স্পেলে ফিরেই বোল্ড করে দিয়েছেন ওরামকে (৭)।
জয়াসুরিয়ার করা পরের ওভার আরেকটা ধাক্কা দিয়েছে নিউজিল্যান্ডারদের। ৩৪ বলে ৪ বাউন্ডারি ও এক ছক্কায় ৪৩ রান করা গুপটিল ক্যাচ দিয়ে এসেছেন ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে। পরের ওভারেই আরেকটা উইকেটের পতন। মেন্ডিসকে কাট করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে জিহান মুবারকের হাতে ধরা পড়েছেন পিটার ম্যাকগ্লাশান (২)।
উইকেট হারানোর 'ধারাবাহিকতা' ধরে রেখে মুরালিধরনের করা পরের ওভারে ফিরে এসেছেন দুজন কিউই ব্যাটসম্যান। প্রথম বলে ড্যানিয়েল ভেট্টোরির সঙ্গে ভুল বোঝাবুঝিতে নাথান ম্যাককালাম রান আউট। আর চতুর্থ বলে কিউই অধিনায়ক নিজেই ক্যাচ দিয়েছেন মালিঙ্গাকে। কাইল মিলস যখন শেষ ব্যাটসম্যান হিসাবে রান আউট হলেন তখনো কিউইদের হাতে তিন ওভার বাকি।
১৭ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ১১০ রানে অলআউট হয়ে যাওয়া নিউজিল্যান্ডের পরাজয়ের জন্য তাদের ব্যাটসম্যানরাই দায়ী। তবে শ্রীলঙ্কান বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের কথাও বলতে হবে। দিলশান ছাড়া তাদের প্রত্যেক বোলার উইকেট পেয়েছেন। তাদের মধ্যে অবশ্যই সবার চেয়ে এগিয়ে রাখতে হবে মেন্ডিসকে। ৩ ওভারে মাত্র ৯ রান খরচায় ৩ উইকেট, যার মধ্যে দুটো উইকেট এক ওভারে --- ক্যারিয়ারের শুরু থেকেই 'রহস্যময় স্পিনার' হিসাবে পরিচিতি পাওয়া মেন্ডিসই ম্যান অব দ্য ম্যাচ।
এর আগে টস জিতে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার শুরুটা একদমই ভালো হয়নি। ম্যাচের তৃতীয় এবং মুখোমুখি হওয়া প্রথম বলেই জয়াসুরিয়া (০) আউট! টুর্নামেন্টের শুরু থেকে নি
bdnews24