লন্ডন, ১৩ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টোয়েন্টি- টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সেরা বোলিংয়ের নতুন রেকর্ড গড়েছেন পাকিস্তানের ফাস্ট বোলার উমর গুল। শনিবার ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের ম্যাচে তিন ওভারে মাত্র ৬ রান দিয়ে পাঁচটি উইকেট পেয়েছেন তিনি। সুবাদে নিউজিল্যান্ডকে ১৮.৩ ওভারে মাত্র ৯৯ রানে অলআউট করে দিয়ে ৬ ওভার ৫ বল হাতে রেখেই ৬ উইকেটের সহজ জয় পেয়েছে পাকিস্তান।
সুপার এইট পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়ায় সেমিফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জিততেই হতো পাকিস্তানকে। আর মরিয়া পাকিস্তান কতটা বিপজ্জনক, সেটা আরো একবার টের পেল কিউইরা। এই ম্যাচে কেবল টসটাই জিতেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি, কিন্তু এরপর আর পাত্তাই পায়নি তার দল।
শুরুটা করেছিলেন এই ম্যাচ দিয়েই অনেকদিন পর পাকিস্তান দলে ফেরা আবদুল রাজ্জাক। আইসিএলের কারণে এতদিন নিষিদ্ধ থাকা এই পেসার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে তার প্রথম ওভারেই পেয়েছেন একটি উইকেট। ইনিংসের দ্বিতীয় ওভারেই কিউই ওপেনার ব্রেন্ডন ম্যাককালামকে ফিরিয়ে দিয়েছেন তিনি। সেই শুরু, এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। পাকিস্তানের পক্ষে ষষ্ঠ বোলার হিসেবে গুল যখন বল হাতে পান, ততক্ষণে ৫৫ রানে চার উইকেট হারিয়ে বসেছে তারা। বাকি ছয় উইকেটের পাঁচটিই পেয়েছেন গুল। টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেটে এর আগে কোনো বোলারই এক ম্যাচে পাঁচ উইকেট পাননি। সেরা বোলিংয়ের রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের মার্ক গিলেস্পির, ২০০৭ সালের প্রথম টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে ৭ রান দিয়ে চার উইকেট পেয়েছিলেন তিনি।
নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ২২ রান করেছেন স্কট স্টাইরিস। এছাড়া দুই অঙ্কের রান করেছেন কেবল দুই ওপেনার অ্যারন রেডমন্ড (১৫) আর ব্রেন্ডন ম্যাককালাম (১২)। আর পাকিস্তানের পক্ষে রাজ্জাক ১৭ রানে দুটি উইকেট পেয়েছেন।
ওভারপ্রতি মাত্র ৫ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে পাকিস্তান মোটেই মনে রাখেনি সেই সমীকরণ। বরং টোয়েন্টি-টোয়েন্টির চরিত্র অনুযায়ীই ব্যাটিং করে শাহজেব হাসান (৩৫), শহিদ আফ্রিদি (অপরাজিত ২৯) আর কামরান আকমলরা (১৯) মাত্র ১৩.১ ওভারেই দলকে পৌঁছে দিয়েছেন জয়ের বন্দরে।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড : ১৮.৪ ওভারে ৯৯/১০ (স্টাইরিস ২২, রেডমন্ড ১৫, ব্রেন্ডন ম্যাককালাম ১২; গুল ৫/৬, রাজ্জাক ২/১৭)
পাকিস্তান : ১৩.১ ওভারে ১০০/৪ (শাহজেব ৩৫, আফ্রিদি ২৯*, আকমল ১৯; ভেট্টোরি ২/২০)
ফল : পাকিস্তান ৬ উইকেটে জয়ী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/০০০৫ ঘ.
bdnews24