লন্ডন, ৮ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজি মাত্র ১২৮ রানের। কিন্তু সেই সামান্য পুঁজি নিয়েও দারুণ লড়াই করে দক্ষিণ আফ্রিকার বোলাররা তাদের দলকে এনে দিয়েছে নাটকীয় এক জয়। মঙ্গলবার লর্ডসে নিউজিল্যান্ডকে ১ রানে হারিয়ে টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপে 'ডি' গ্র"পের শীর্ষস্থান নিশ্চিত করেছে প্রোটিয়ারা।
টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৮ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্রেন্ডন ম্যাককালামের হাফসেঞ্চুরির পরও নিউজিল্যান্ড ৪ উইকেট হারিয়ে তুলতে পেরেছে ১২৭ রান।
৫৪ বলে ৫৭ রান করে নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক যখন আউট হন, তখন ১৮ বলে ৩৬ রানের প্রয়োজন কিউইদের। কাজটা আরো কঠিন হয়ে পড়ে ১৮তম ওভারে ওয়েইন পারনেল মাত্র ৪ চার দিলে। শেষ দুই ওভারে প্রয়োজন ৩২ রান, এ রকম একটা অবস্থায় ডেল স্টেইনের করা ১৯তম ওভারে দুটি ওয়াইড আর বাই থেকে একটি বাউন্ডারি পেয়ে নিউজিল্যান্ডের স্বপ্ন নতুন করে জেগে ওঠে। জয়ের জন্য শেষ ওভারে তাদের প্রয়োজন ছিল ১৩ রানের, শেষ দুই বলে আট আর শেষ বলে চার রানের। কিন্তু শেষ বলে প্রাণপণে ব্যাট চালিয়েও দুই রানের বেশি নিতে পারেননি ওরাম। শেষ পর্যন্ত ১৭ বলে ২২ রান করে অপরাজিত ছিলেন তিনি। ২২ রান করেছেন রস টেলরও, তবে সে জন্য ৩১ বল খেলেছেন তিনি। ম্যাককালামের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৫৬ রানের জুটি গড়লেও সে জন্য পুরো ১১ ওভার খরচ করে কিউইদের আসলে বিপদেই ফেলে দিয়েছেন তিনি।
দক্ষিণ আফ্রিকার পক্ষে চার ওভারে মাত্র ১৪ রান দিয়ে দুটি উইকেট পেয়েছেন রোয়েলফ ফনডার মার্ভ, একটি করে উইকেট পেয়েছেন জ্যাক ক্যালিস আর ডেল স্টেইন।
বিকেলে প্রোটিয়াদের শুরুটাও অবশ্য ভালোই হয়েছিল। উদ্বোধনী জুটিতে জ্যাক ক্যালিস আর অধিনায়ক গ্রায়েম স্মিথ মিলে ৭ ওভারে ৪৯ রানের জুটি গড়েছিলেন। কিন্তু অষ্টম ওভারের প্রথম বলে উইকেটকিপার ব্রেন্ডন ম্যাককালামের বুদ্ধিদীপ্ত ফিল্ডিংয়ে এই জুটি ভাঙার পর বদলে গেছে পরিস্থিতি। নিয়ন্ত্রিত বোলিংয়ে ইয়ান বাটলার-স্কট স্টাইরিস-ন্যাথান ম্যাককালামরা দক্ষিণ আফ্রিকার রানের গতি আটকে দিয়েছেন, ব্যাটসমানরাও কেউ বড় ইনিংস খেলতে না পারায় আগের ম্যাচেই দুইশ ছাড়ানো স্কোর গড়া দক্ষিণ আফ্রিকা এই ম্যাচে দেড়শও ছুঁতে পারেনি। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেছেন অধিনায়ক স্মিথ, তবে টি-টোয়েন্টির সঙ্গে একেবারেই বেমানান তার ইনিংসটা ছিল ৩৫ বলের। ২৪ রান করতে ক্যালিসও খেলেছেন ২৩ বল।
ব্যতিক্রম ছিলেন কেবল জাঁ পল ডুমিনি, ২৩ বলে ২৯ রানের ইনিংসে দুটি ছক্কা আর একটি বাউন্ডারি মেরেছেন তিনি। এছাড়া ৮ বলে ১৫ রান করে রানআউট হয়েছেন এবি ডিভিলিয়ার্স।
নিউজিল্যান্ডের পক্ষে বাটলার ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে দুটি উইকেট পেয়েছেন, ১৮ রান দিয়ে একটি উইকেট পেয়েছেন ন্যাথান ম্যাককালাম। একটি করে উইকেট পেয়েছেন স্টাইরিস আর কাইল মিলসও।
গ্র"পের অন্য দল স্কটল্যান্ডকে হারিয়ে এর আগেই সুপার এইটে ওঠা নিশ্চিত করে রেখেছিল এই দুদলই।
বাঁ হাতের ইনজুরির কারণে এই ম্যাচেও খেলতে পারেননি নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি। শুধু ভেট্টোরিই নন, কিউইদের দলের আরো তিন খেলোয়াড় পড়েছেন ইনজুরিতে। জেমস ফ্র্যাঙ্কলিন, জেস রাইডার আর ইয়ান ও'ব্রায়েনকেও তাই কিউইরা পায়নি এই ম্যাচে। এই তিনজনের পরিবর্তে একাদশে ঢুকে পড়েছেন কাইল মিলস, ব্রেন্ডন ডিয়ামান্টি আর নিল ব্র"ম। এদের মধ্যে ডিয়ামান্টির আবার এটাই প্রথম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ।
দক্ষিণ আফ্রিকা দলে কোনো পরিবর্তন নেই। স্কটল্যান্ডের বিপক্ষে রেকর্ডভাঙা জয় পাওয়া দলটাকেই খেলাচ্ছে তারা এই ম্যাচেও।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা : ২০ ওভারে ১২৮/৭ (ক্যালিস ২৪, স্মিথ ৩৩, গিবস ৩, ফনডার মার্ভ ০, ডুমিনি ২৯, ডিভিলিয়ার্স ১৫, বাউচার ৬, মরকেল ১০*, বোথা ২*; মিলস ১/৩৪, বাটলার ২/১৩, ন্যাথান ম্যাককালাম ১/১৮, স্টাইরিস ২/১০)
নিউজিল্যান্ড : ২০ ওভারে ১২৭/৪ (ব্রেন্ডন ম্যাককালাম ৫৭, গুপটিল ৬, ব্র"ম ১, টেলর ২২, ওরাম ২২*, স্টাইরিস ৭*; ফনডার মার্ভ ২/১৪, ক্যালিস ১/১৭, স্টেইন ১/২২)
ফল : দক্ষিণ আফ্রিকা ১ রানে জয়ী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১০৩৫ ঘ
bdnews24